ষাটের দশকে একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন নির্মল কুমার। সাদামাটা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন বরাবর। তবে বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে সম্পূর্ণভাবে দূরে সরে গেছেন। সম্প্রতি জানা গেছে, তিন দিন আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে আনন্দবাজার ডট কমকে জানান তাঁর মেয়ে মিমি ভট্টাচার্য। মিমি বলেন, “বাবার পায়ে সেলুলাইটিসের কারণে সংক্রমণ হয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করতে হয়। তবে এখন অনেকটাই সুস্থ আছেন বাবা।”
এদিকে নির্মল কুমার হাসপাতালে ভর্তি হলেও তাঁর স্ত্রী, প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন। বর্তমানে তিনি ‘রোশনাই’ ধারাবাহিকে অভিনয় করছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন শুটিংয়ে।
আরও পড়ুনঃ গর্ভে কাপুর পরিবারের উত্তরসূরি, বিষ খেয়ে প্রাণ দিতে চেয়েছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা! রণবীরের পরিবারের ভয়ানক অধ্যায়
যদিও তাঁরা এখন একসঙ্গে থাকেন না, ২৫ বছর একসঙ্গে সংসার করার পর আলাদা থাকার সিদ্ধান্ত নেন এই দুই তারকা। তবে একে অপরের প্রতি দায়িত্ব পালন করতে কখনও ভুল করেননি তাঁরা। ২০২০ সালে নাতি-নাতনিদের আবদারে নির্মল কুমারের জন্মদিনে উপস্থিত হন মাধবীদেবী। সেদিন স্ত্রীকে পাশে পেয়ে হাসিমুখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেতা।





