‘আত্মসমর্পণ করেছি বলেই এই রসায়ন’— সুস্মিতার সঙ্গে পর্দার সম্পর্ক নিয়ে অকপট সাহেব!

ধারাবাহিক ‘কথা’য় নতুন অধ্যায় শুরু হয়েছে। ‘বুলি’র ছদ্মবেশ ঝেড়ে ফিরেছেন আসল ‘কথা’। এই নতুন যাত্রার সঙ্গী হতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ হাজির হয়েছিল ‘কথা’ ধারাবাহিকের সেটে। নতুন ট্র্যাক, নতুন উত্তেজনা, ব্যস্ততা তুঙ্গে। তবে সব কিছুর মাঝে একটু সময় নিয়ে মজার আড্ডায় মাতলেন পর্দার জনপ্রিয় জুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে।

এক সময় সাহেব জানিয়েছিলেন যে তিনি ‘বুলি’র চরিত্রটি বেশি উপভোগ করেন। তবে এখন যেহেতু আবার ‘কথা’ ফিরে এসেছে, সেই নিয়ে কি আক্ষেপ রয়েছে? উত্তরে সাহেব বলেন, “এখন দেখা যাচ্ছে যে ‘কথা’ই ‘বুলি’। যা যা ‘বুলি’ পারে, সবই পারে ‘কথা’। ছবি আঁকা, গান গাওয়া, পুজো করা, এমনকি আন্ডারকভার এজেন্ট হওয়া— সবই পারে সে।”

তাহলে কি ‘কথা’কেও দেখা যাবে দুষ্টু মুডে? সুস্মিতা বলেন, “এখনই হয়তো নয়, কিন্তু সময় এলে দেখা যাবে নিশ্চয়ই, তবে সেটা ‘কথা’র স্টাইলেই।” পাশ থেকে সাহেব হেসে যোগ করেন, “ক্যামেরা অফ থাকলে সুস্মিতা পুরোপুরি ‘বুলি’র মতো! শুধু কথা বলার ধরন ছাড়া সবটাই ওর বুলির মতো।”

অনেকেই ভাবেন সুস্মিতা খুব শান্ত প্রকৃতির। সেই প্রসঙ্গে নায়িকা বলেন, “আমি তো একেবারেই শান্ত, দর্শকরাও সেটা জানেন।” তবে সাহেবের খোঁচা, “দর্শকরা ক্যামেরার সামনে যতটা দেখেন, সেটুকুই জানেন। ক্যামেরা বন্ধ হলে কী হয় সেটা তো সেটের সবাই জানে!”— তারপর দুজনেই হেসে ওঠেন।

পর্দায় যদিও চলছে মান-অভিমানের পর্ব, বাস্তবে কিন্তু তাঁদের মধ্যে কোনও রাগ-অভিমান নেই বলেই দাবি দুজনের। সাহেব বলেন, “আমরা কাজ করি, আনন্দ করি, ঝগড়া, ইনস্টাগ্রাম আনফলো এসব করি না।” সুস্মিতার সংযোজন, “রাগ হওয়ার মতো পরিস্থিতিই তৈরি হয় না।”

অগ্নির চরিত্রে সাহেব বলেন, “এভি তো বিয়েই করতে চাইত না, একবার বিয়ের অভিজ্ঞতাই ওর জন্য যথেষ্ট ছিল। ও জানত না পৃথিবীর সেরা গোয়েন্দা কে।” সঙ্গে সঙ্গে সুস্মিতা হেসে বলে ওঠেন, “পৃথিবীর সেরা গোয়েন্দা কথাকলি গুহ।” তবে সাহেবের দাবি, “না, পৃথিবীর সেরা গোয়েন্দা হল বউরা! কোনও মিথ্যে ওদের চোখ এড়ায় না।”

তবে বাস্তবে গোয়েন্দাগিরি? সুস্মিতা বলেন, “না না, একদম না।” সাহেব বলেন, “আমার প্রয়োজন হয়নি, আমি তো ২০১০ থেকে তোপসে করছি, আর সময় কোথায়!”

টিআরপি নিয়ে চাপ আছে কি? সাহেব বলেন, “টিআরপি নিয়ে অভিনেতাদের মাথাব্যথা থাকা উচিত নয়। আমাদের কাজ হচ্ছে চরিত্রটা সৎভাবে ফুটিয়ে তোলা। কখনও আইপিএলের জন্য ভালো গল্পও চাপা পড়ে যায়, সেটায় আমাদের কিছু করার নেই।” সুস্মিতা বলেন, “আমরা কাজটা ঠিকভাবে করতে পারি কি না, সেটাই আসল।”

এখনও দর্শকদের ভালোবাসায় প্রথম সারিতে রয়েছে ‘কথা’। সাহেব বলেন, “ভালো গল্প, ভালো অভিনেতা, বন্ধুদের মতো সহকর্মী— সব মিলিয়ে একটা পরিবার তৈরি হয়েছে। এই আত্মিক সম্পর্কই আমাদের ধারাবাহিককে বিশেষ করে তুলেছে।”

শেষে দর্শকদের ভালোবাসা প্রসঙ্গে সাহেব বলেন, “এই রসায়নের পেছনে কোনও ফর্মুলা নেই। আমরা দুজনেই চরিত্র দুটোকে সত্যি সত্যিই গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। সেই জন্যই হয়তো এই রসায়ন এতটা সত্যি লাগে।” সুস্মিতাও বলেন, “প্রথমে দর্শক ভালোবেসেছেন ‘কথা’ ও ‘অগ্নি’কে, তারপর এসেছে সাহেব-সুস্মিতার প্রতি ভালোবাসা।”