স্টার জলসা আবারও আসছে এক নতুন ধারাবাহিক নিয়ে—নাম ‘লক্ষ্মীঝাঁপি’। এই নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে তুলে ধরা হয়েছে এক সাহসী কন্যার সংগ্রামের কাহিনি। এর আগে ধারাবাহিকটির মোশন পিকচার প্রকাশিত হয়েছিল, এবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত প্রোমো।
প্রোমোতে দেখা যাচ্ছে, প্রধান চরিত্র ঝাঁপি ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায় বিয়ের সাজে পিঁড়িতে বসে আছে। এমন সময় আসে এক ভয়ংকর খবর—ঝাঁপির বাবার ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে, পাওনাদারেরা বাড়িতে হাজির। মুহূর্তে বিয়ে থেমে যায়। পাওনাদারেরা বাবার ওপর চড়াও হলে ঝাঁপি সামনে এসে প্রতিজ্ঞা করে—দু’বছরের মধ্যেই সে সমস্ত টাকা ফেরত দেবে। যদিও এই ঘটনায় তার বিয়ে ভেঙে যায়, পরিবারও ভেঙে পড়ে।
এরপর বাড়ির দালানে একা বসে থাকে ঝাঁপি। তখন পাশে এসে দাঁড়ায় দীপ ওরফে সৌরভ চক্রবর্তী। দীপের প্রশ্নে ঝাঁপি জানায়, দরকার পড়লে সে নিজেই একটি ব্যাঙ্ক খুলবে। দীপ তাকে সাহস জোগায়, জানায়—সে অবশ্যই পারবে।
প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ প্রশংসা করেছেন নতুন ভাবনার, কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে প্রোমোতেই তৃতীয় নায়িকার আভাস পাওয়া গিয়েছে, ফলে ধারাবাহিকের গতিপথ নিয়েও প্রশ্ন তুলেছেন। কারও মতে, সংসারজটিলতার চেনা ছকেই হাঁটবে এই গল্প।
আরও পড়ুনঃ ৪২ বছর বয়সে প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা, কীভাবে ঘটল এই আকস্মিক মৃত্যু?
এই ধারাবাহিক দিয়ে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায়, যদিও প্রোমোতে এখনো তাঁকে দেখা যায়নি। তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও প্রকাশ পায়নি। ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে, সেই নিয়েও চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।





