‘বেলা’ হয়ে নারীদের অধিকারের কথা বলবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রকাশ্যে এল অনিলাভ চট্টোপাধ্যায়ের ছবির প্রথম মোশন পোস্টার

আসছে ‘বেলা’। এক প্রভাবশালী নারীর জীবন কাহিনি এবার পর্দায় ফুটে উঠবে ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়ে। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ও গ্রেমাইন্ড কমিউনিকেশনের প্রযোজনায় নির্মিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৪ সালের আগস্টে।

‘বেলা’ ছবিটি নির্মিত হয়েছে প্রাক্তন আকাশবাণী সঞ্চালিকা বেলা দে-র জীবনকে কেন্দ্র করে। তিনি ছিলেন ‘মহিলামহল’ অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় কণ্ঠস্বর। পাশাপাশি দেশবিদেশের রান্নাবিষয়ক তাঁর জ্ঞান ও রচনার জন্যও তিনি সমাদৃত ছিলেন। এই বায়োপিক সেই অসামান্য নারীরই কাহিনি তুলে ধরবে।

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার পর্দায় রূপ দিচ্ছেন বেলা দে-কে। আজ প্রকাশিত হয়েছে ছবির প্রথম মোশন পোস্টার, যেখানে দেখা গিয়েছে এক সময়কার বাঙালি গৃহস্থ বাড়ির দৃশ্য—একটি রেডিয়োতে আকাশবাণীর ভেসে আসা কণ্ঠ, “শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা এবং প্রযোজনার বেলা দে।” পাশে রাখা দু’টি রান্নার বই। মুহূর্তেই যেন নস্টালজিয়া ফিরিয়ে আনছে পোস্টারটি।

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা ও প্রযোজনার সঙ্গে যুক্ত। তবে এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। নিজের অভিব্যক্তিতে তিনি জানিয়েছেন, “‘বেলা’ ছবির মাধ্যমে আমরা মেয়েদের কথা বলছি, তাঁদের অধিকার, তাঁদের লড়াই ও সাফল্যের কথা তুলে ধরার চেষ্টা করেছি। মন দিয়ে ও সততার সঙ্গে কাজটা করেছি। যাঁরা আমাদের দীর্ঘদিনের পরিশ্রম দেখেছেন, তাঁরা আমাদের পাশে থাকবেন, এটাই চাওয়া।” পরিচালক ও টিমের তরফে দর্শকদের উদ্দেশে বার্তা—এই ছবি শুধু দেখার নয়, এর বার্তা ছড়িয়ে দেওয়াও জরুরি। তাই সকলকে আহ্বান, ‘বেলা’র সঙ্গে থাকুন। আগস্টে আসছে ‘বেলা’, তারই প্রথম ঝলক রইল মোশন পোস্টারে।