বাংলা সিরিয়ালের দুনিয়ায় ‘সুবর্ণলতা’ নামেই যাঁকে চেনে আপামর বাঙালি, তিনি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। একসময় ছোটপর্দায় তাঁর দাপুটে উপস্থিতি দর্শকের মনে গেঁথে গিয়েছিল। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে তাঁর অসাধারণ অভিনয় আজও অনেকের মনে গেঁথে আছে। এরপর আরও কিছু কাজ করলেও, ধীরে ধীরে ছোটপর্দা থেকে সরে আসেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকে।
তবে হঠাৎ ছোটপর্দা থেকে দূরে সরে যাওয়া কেন? এই প্রশ্নের উত্তর মিলেছে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে। অনন্যা স্পষ্ট জানান, ‘‘সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও সিরিয়াল চলছে, টিআরপিও আসছে। বহু মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে কাজ করতাম, তখন বেশ কিছু প্রগতিশীল বিষয় নিয়েও কাজ হত।’’
আরও পড়ুনঃ ‘ভীষণভাবে পিছিয়ে আমি’— জীবন ও কেরিয়ার নিয়ে খোলাখুলি আক্ষেপ করলেন দোলন রায়
তবে কি আর ফিরবেন না ছোটপর্দায়? অনন্যা জানান, তিনি পিছিয়ে যেতে চান না। ‘‘আবার যদি সুবর্ণলতার মতো কোনও কাজ হয়, অবশ্যই করব। তখন কিন্তু তেমন কনটেন্ট খুব একটা দেখা যেত না।’’ অর্থাৎ একেবারে যে ফিরবেন না, এমন নয়। বরং ভালো গল্প, অভিনয়ের উপযুক্ত সুযোগ পেলে ছোটপর্দায় ফেরার দরজাও খোলা রাখলেন অভিনেত্রী।





