‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে বর্ষা-পিকলুর কেমিস্ট্রি যেমন দর্শকদের মনে ছাপ ফেলেছিল, তেমনই বর্ষা চরিত্রে শৈলী ভট্টাচার্যের সাবলীল অভিনয় নজর কেড়েছিল সকলের। খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রাখলেও, এটিই ছিল শৈলীর প্রথম মেগা ধারাবাহিক। আর প্রথম কাজেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন তিনি।
বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ানের বোন ‘রাকা’র চরিত্রে অভিনয় করছেন শৈলী। এবার সেই ‘রাকা’ ওরফে শৈলী ভট্টাচার্যকে দেখা যাবে একেবারে নতুন ধারাবাহিকে। তবে এইবার আর জি বাংলা নয়, স্টার জলসার পর্দায় পা রাখছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ “নায়িকা কোনও দিনই ছিলাম না, মা হতেও আপত্তি নেই”— বাংলা ইন্ডাস্ট্রির উপেক্ষায় বলিউডে স্ট্রাগল পল্লবী চট্টোপাধ্যায়ের!
সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র প্রথম প্রোমো। সেখানেই দেখা গিয়েছে শৈলী ভট্টাচার্যকে। যদিও এবার তিনি থাকছেন পার্শ্ব চরিত্রে, তবুও তাঁর অনুরাগীরা আশাবাদী, এই সিরিয়ালেও তিনি নজর কাড়বেন অভিনয়ে। সৌরভ ও শুভস্মিতা থাকবেন এই ধারাবাহিকের মূল চরিত্রে। তবে সিরিয়ালটি ঠিক কবে থেকে সম্প্রচার শুরু হবে, তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।





