‘আশিকী ২’-এর গান প্রথমে কেকে-র কণ্ঠে রেকর্ড হয়েছিল, পরে মোহিত সুরি বদলে আনেন অরিজিৎ সিংকে: ‘এই কণ্ঠটাই তো খুঁজছিলাম’

‘তুম হি হো’-এর সুরে মন হারানো যায়, আর এই গানটি ছাড়াও ‘আশিকী ২’-এর আরও অনেক গান আজও শ্রোতার হৃদয়ে গেঁথে রয়েছে। কিন্তু কল্পনা করুন, যদি এই গানগুলো অরিজিৎ সিংয়ের গলায় না হয়ে কেকে-র কণ্ঠে থাকত? এমনটাই হতে চলেছিল। ছবির পরিচালক মোহিত সুরি নিজেই জানিয়েছেন, ‘আশিকী ২’-এর গানগুলো প্রথমে কেকে-র কণ্ঠে রেকর্ড করা হয়েছিল।

প্রথমে কেকে-র কণ্ঠে গান রেকর্ড

‘আশিকী ২’ ছিল ১৯৯০-এর কালজয়ী ‘আশিকী’ ছবির সিকুয়েল। আগের ছবির মতোই এটিও সঙ্গীতনির্ভর ছিল। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবির সঙ্গীত ছিল আবেগে ভরপুর। মোহিত সুরি বলেন, “আমি যখন ‘আশিকী ২’ বানাচ্ছিলাম, তখন প্রথমে কেকে-র কণ্ঠে গান রেকর্ড করি। ওর সঙ্গে আমি আগেও ‘ক্যা মুঝে প্যায়ার হ্যায়’-এর মতো গান করেছি। কিন্তু রেকর্ড করার পর বুঝলাম, এই কণ্ঠটা ইমরান হাশমির জন্য ঠিক, আদিত্যর জন্য নয়। আমি চাইছিলাম একদম নতুন কারও কণ্ঠ।”

কীভাবে এলেন অরিজিৎ সিং

মোহিত বলেন, তখন তিনি নতুন কণ্ঠের খোঁজ শুরু করেন। “আমি তখন প্রায় সবাইকে অডিশন করিয়েছি। হঠাৎ একদিন অরিজিৎ-র কণ্ঠ শুনে থমকে যাই। তখনই বুঝতে পারি, এটাই তো সেই কণ্ঠস্বর যা আমার ছবির জন্য দরকার। আমি তখন অন্ধের মতো খুঁজতে থাকি কে এই অরিজিৎ। যেকোনও পরিচিত গায়ককে আনলে সেই নতুনত্ব আসত না,” বলেন মোহিত।

অবশেষে যিনি অডিশন দিলেন, তিনিই হয়ে উঠলেন বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠ – অরিজিৎ সিং। ‘আশিকী ২’ ছবির গানগুলিই তাঁর বলিউড কেরিয়ারের মাইলফলক হয়ে ওঠে।

এক গানেই ছিলেন কেকে

যদিও অরিজিৎ ছবির প্রায় সব গানই গেয়েছেন, তবে একটি গান—‘পিয়া আয় না’—ছিল কেকে-র কণ্ঠে। সেটিও যথেষ্ট জনপ্রিয় হয়। গোটা অ্যালবামটি তৈরি হয়েছিল জীত গাঙ্গুলির সুরে, সঙ্গে অতিথি সুরকার হিসেবে ছিলেন মিথুন ও অঙ্কিত তিওয়ারি। ‘তুম হি হো’, ‘ভুলা দে না’, ‘চাহুঁ ম্যায় ইয়া না’, ‘আসান নাহি ইয়াঁহাঁ’, ‘মিলনে হ্যায় মুঝসে আয়ি’-র মতো গানগুলি শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছিল।

আরও পড়ুনঃ স্পোটিফাই-এ সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক এখন অরিজিৎ সিং, টেইলর সুইফ্টকে পেছনে ফেলে নতুন ইতিহাস ভারতীয় গায়কের

আবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন মোহিত সুরি

মোহিত সুরি আবারও প্রেমের গল্প নিয়ে ফিরছেন তাঁর নতুন ছবি ‘সাইয়ারা’ নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন নবাগত আহান পাণ্ডে ও আনিত পাড্ডা। সুর করেছেন তনিষ্ক বাগচী। ‘সাইয়ারা’ মুক্তি পাবে ১৮ জুলাই।