‘ফুলকি’ সিরিয়ালের নায়িকা হিসেবে যিনি দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি তাঁকে ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। অনুরাগীদের একাংশের ধারণা, টলিপাড়া নয়, এবার তিনি পাড়ি দিচ্ছেন সরাসরি মুম্বইয়ের স্বপ্নপুরীতে! বলিউডে কাজ শুরু করেছেন—এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাঁর সাম্প্রতিক পোস্ট থেকে। আর সেই জল্পনায় যেন নতুন করে আগুন ধরেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ক্যাপশন।
সাম্প্রতিক একটি পোস্টে ‘ফুলকি’ খ্যাত নায়িকাকে দেখা গিয়েছে মুম্বইয়ের পরিবেশে, হাতে চিত্রনাট্যের কপি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখন স্বপ্নের শহর মুম্বইতে আছি। হিন্দিতে আমার প্রথম কাজ শুরু করেছি। প্রত্যাশার থেকেও অনেক বেশি পেয়েছি।’ কাজটা কী, কোন মাধ্যমে, সেটা এখনও স্পষ্ট করেননি, তবে বলেছেন, ‘বিস্তারিত পরে জানাবো।’
আসলে এই চমকের পেছনে আছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি জানিয়ে দিয়েছেন, তিনি এখন মুম্বইতে এবং হিন্দি প্রোজেক্টে কাজ শুরু করে দিয়েছেন। আগের দিন ছিলেন খুব নার্ভাস, তবে প্রথম শুটিংয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। পাশে রয়েছে পরিবার, তাই চাপের মধ্যেও শান্তি অনুভব করছেন—বলেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ স্ত্রীর মৃত্যুর পরে পরাগ ত্যাগীর আবেগঘন পদক্ষেপ, উঠছে নানা প্রশ্ন!
সম্প্রতি আয়েন্দ্রীকে দেখা গিয়েছিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে একেবারে অন্যরকম লুকে। বর্তমানে তিনি স্টার জলসার ‘গীতা এলএলবি’-তে অভিনয় করছেন। তবে এই নতুন হিন্দি প্রোজেক্টের খবরে তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে অনুরাগীরা। কেউ বলছেন, এটা তাঁর স্বপ্নপূরণের শুরু, তো কেউ আবার অপেক্ষায়—তিনি কী নিয়ে ফিরবেন বড় পর্দায় বা ডিজিটাল স্ক্রিনে। একটা কথা স্পষ্ট—টলিউড থেকে বলিউড, বাঙালি অভিনেত্রীদের পায়ে এখন আর কোনও গণ্ডি নেই।





