‘ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন দেবচন্দ্রিমা?’ কানাঘুষোয় তোলপাড় নেটপাড়া!

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। আর সোশ্যাল মিডিয়ায় একটুও ‘ইঙ্গিত’ পাওয়া গেলে তো কথাই নেই! সম্প্রতি ঠিক তেমনটাই হল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের সঙ্গে। হঠাৎ করেই গুঞ্জন—তিনি কি তবে ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন?

এই জল্পনার মূল উৎস দেবচন্দ্রিমার নিজের ইনস্টাগ্রাম স্টোরি! দেখেই চমকে উঠেছেন অনেক অনুরাগী। কারণ স্টোরিতে তিনি স্পষ্ট কিছু লিখেছেন, যা নিয়েই শুরু জল্পনা। অনেকেই ভাবতে শুরু করেন, তিনি কি সত্যিই এই ধরনের অ্যাপে অ্যাক্টিভ?

আসলে বাস্তবটা একেবারে উল্টো। অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে এক জনপ্রিয় ডেটিং অ্যাপে, যা দেখে খানিকটা আতঙ্কিত ও ক্ষুব্ধ দেবচন্দ্রিমা নিজেই। তিনি লিখেছেন, “আমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।” অভিনেত্রীর আশঙ্কা, ওই প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথাও বলা হয়েছে ইতিমধ্যেই। সেই ব্যক্তি যদি ভাবে তিনি আসল দেবচন্দ্রিমার সঙ্গেই কথা বলছেন, তাহলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলেই তাঁর বক্তব্য।

নায়িকা স্পষ্ট জানিয়েছেন, “কোনও দিনই আমার ডেটিং অ্যাপে কোনও প্রোফাইল ছিল না। আর বয়সও পেরিয়ে গিয়েছে! আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না, কিন্তু এতে আমার কোনও আগ্রহ নেই।” সেই সঙ্গেই তিনি সাবধান করেছেন, “যদি কেউ আমার নামে কোনও প্রোফাইল দেখে বা তার মাধ্যমে কারও সঙ্গে কথা বলেন, তাহলে জেনে রাখবেন, সেটা একেবারেই ভুয়ো।”

এই সময় দেবচন্দ্রিমা রয়েছেন থাইল্যান্ডে ছুটি কাটাতে। সোশ্যাল মিডিয়ায় বন্ধু অদ্রিজা রায়ের সঙ্গে ঘোরাঘুরির নানান মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি এক বিশেষ পরিবর্তন এসেছে তাঁর খাদ্যাভ্যাসেও। কয়েক মাস হয়ে গিয়েছে, তিনি পুরোপুরি নিরামিষাহারী। তাঁর কথায়, “কাউকে দেখে বা কোনও আধ্যাত্মিক কারণ নয়, সত্যিই আর মাছ-মাংস খেতে ইচ্ছে করে না। ছোটবেলা থেকেই পাঁঠার মাংস পছন্দ করতাম না। এখন চার মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে, খাচ্ছি না একেবারেই।”

আরও পড়ুনঃ হাতে কাজ নেই, তাও কি করে চলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর? নেটিজেনদের উদ্দেশ্যে কড়া জবাব দিলেন অভিনেত্রী!

তারকাদের পরিচিত মুখ ব্যবহার করে নানা রকম অনলাইন প্রতারণা নতুন কিছু নয়। দেবচন্দ্রিমা শুধু নিজের সতর্কবার্তাই দিলেন না, একইসঙ্গে সচেতন করলেন তাঁর অনুরাগীদেরও। সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই এখন থেকে ভাবতে হবে—সব কিছু কি সত্যিই যেমন দেখায়, তেমনই?