ত্রমিলা ভট্টাচার্য—ছোট পর্দার এক পরিচিত মুখ। ‘পটল কুমার গানওয়ালা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। ধারাবাহিক হোক বা ওটিটি, অভিনয়ে তাঁর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবু আজও বড় পর্দায় দেখা মেলেনি তাঁর। কেন?
এক সাক্ষাৎকারে খোলাখুলি জানিয়েছিলেন ত্রমিলা—”আমি প্রচারটা কোনওদিনই পারিনি। এক তো লাজুক স্বভাব, তার উপর ‘গিয়ে বলব কাজ দাও’— এটা আমার স্বভাবের নয়।”
তিনি আরও বলেন, “শুটিং করে সরাসরি বাড়ি চলে যাই। পার্টি, নেটওয়ার্কিং এসব আমার লাইফস্টাইলের সঙ্গে যায় না। আমার মেয়ে তখন ১৩ বছরের, স্বামী জাহাজে কাজ করেন, বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না। ফলে সব কিছুই সামলাতে হয় আমায়।”
এখন তেমন একটা পর্দায় দেখা যায় না তাঁকে। তবু আফসোস নেই তাঁর কণ্ঠে। বরং গলার স্বরে শান্তি—”পাঁচজন মানুষ যদি আজও আমাকে মনে রাখেন, সেটাই অনেক। আমি তো কাজ থেকে ব্রেক নিয়েও ফিরে এসেছি বারবার। যারা এক সময় পাশে ছিলেন, তাঁরাই সুযোগ পর্যন্ত পাননি তখন। আজ তাঁদের নিয়ে হইচই হলেও, আমার কোনও কষ্ট নেই।”
টানা কাজের চাপে নিজের টিনএজটাই উপভোগ করতে পারেননি বলেও জানান তিনি। তাই সংসার, মা হওয়া—সব কিছু সামলে কাজের গতি একটু কমলেও, তাতে তিনি ভীষণ খুশি। তাঁর কথায়—
“আমি বেশ আছি। কাজও করেছি, পরিবারকেও সময় দিয়েছি। জীবনের সঙ্গে আমার কোনও লড়াই নেই, আমি সমঝোতা করেছি… শান্তিতে থাকতে শিখেছি।”
আরও পড়ুনঃ “আমি আর কারও উপরে কিছু চাপিয়ে দিই না…” — কেন নতুন প্রজন্মকে পরামর্শ দেওয়া বন্ধ করেছেন অঞ্জনা বসু? খোলাখুলি জানালেন নিজেই!
ত্রমিলার এই সরল স্বীকারোক্তি যেন অনেক লড়াই করা শিল্পীর কণ্ঠস্বর—নীরবে কাজ করে যাওয়া, আলো না পেলেও অহংকার না থাকা।





