সিড-কিয়ারার ঘরে এলো খুশির খবর! কন্যা সন্তানের মা হলেন কিয়ারা আডবাণী

বলিউডের অন্যতম হট অ্যান্ড লাভড কাপল সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবাণীর জীবনে এলো নতুন আনন্দের জোয়ার। মঙ্গলবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম নিল তাঁদের প্রথম সন্তান। হ্যাঁ, সিড-কিয়ারা এখন একজন ছোট্ট পরীর মা-বাবা!

২০২৩ সালে রাজকীয় আয়োজনে জয়সলমেরে সাতপাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ আর কিয়ারা। আর বিয়ের দেড় বছরের মধ্যেই তাঁদের ঘরে এল নতুন অতিথি। কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল—কিয়ারা প্রেগন্যান্ট। গত মে মাসে মেটা গালায় লাল গাউনে বেবি বাম্প নিয়ে আত্মবিশ্বাসী হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই ক্যামেরার সামনে আসা বন্ধ করেছিলেন। কখনও হাসপাতালে যাওয়া, কখনও গাড়ি থেকে নামার সময় ছাতা দিয়ে নিজেকে ঢেকে রাখা—সবই ছিল প্রস্তুতির অংশ। হবু বাবা সিদ্ধার্থও একাধিকবার ফটোগ্রাফারদের এড়িয়ে চলার চেষ্টা করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই কিয়ারার বাবা, সিদ্ধার্থের মা-সহ পরিবারের অন্য সদস্যদের হাসপাতালে দেখা যায়। তখনই স্পষ্ট হয়ে যায়, সময় ঘনিয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই এল সেই সুখবর—সিড-কিয়ারার জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান।

গত মার্চে, ইনস্টাগ্রামে এক খুদে সাদা রঙের মোজার ছবি দিয়ে এই দম্পতি জানিয়েছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার, শীঘ্রই আসছে।” অবশেষে সেই প্রতীক্ষার অবসান।

এখন একটু পিছনে ফিরলে দেখা যায়, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ়’ শ্যুটিংয়ের সময় কিয়ারা আর সিদ্ধার্থের প্রথম দেখা। তারপর ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ, প্রেমের গুঞ্জন, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, দুবাইয়ে ছুটি—সব মিলিয়ে ধীরে ধীরে গাঢ় হয়েছে সম্পর্ক। ২০২৩-এ বিয়ে আর এখন… তাঁদের ঘরে এসেছে তাঁদের ভালোবাসার ফসল।

আরও পড়ুনঃ দুই অভিনেতার ব্যক্তিগত মুহূর্ত ঘিরে চাঞ্চল্য! সাহেব-ঋত্বিক কি ফেঁসে গেলেন ষড়যন্ত্রে?

আর হ্যাঁ, অনেকেই জানতে চাইছেন—ছেলে না মেয়ে? আপনাদের জন্য সেই উত্তরও আছে! সিড আর কিয়ারার জীবনে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। মা আর মেয়ে দু’জনেই সুস্থ আছেন। শুভেচ্ছায় ভরে যাচ্ছে বলিউড থেকে সোশ্যাল মিডিয়া—সবাই যেন ভাগ নিতে চাইছে এই আনন্দঘন মুহূর্তে!