কোথাও নেই ‘মিঠাই রানী’! না পর্দায়, না ইনস্টাগ্রামে। কই গেলেন সৌমিতৃষা কুণ্ডু? এমন প্রশ্ন গত কয়েক মাস ধরেই ঘুরছিল টলিপাড়া থেকে তাঁর ফ্যানেদের মনে। যিনি একসময় টিভি স্ক্রিনে নিয়মিত মুখ ছিলেন, যাঁর ছবি-ভিডিওতে ভরত ইনস্টাগ্রাম—তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন!
সৌমিতৃষার কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দায়। এরপর মিঠাই চরিত্রে একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন দর্শকদের কাছে। ‘মিঠাই’ শেষ হওয়ার পর দেবের বিপরীতে বড়পর্দায় এবং ওয়েব সিরিজেও নজর কাড়েন। আর হঠাৎ করেই সব চুপচাপ! না কোনও পোস্ট, না কোনও ইভেন্টে উপস্থিতি। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না।
অনুরাগীরা চিন্তায়—সব ঠিক তো?
যদিও এতদিন এ নিয়ে কিছু বলেননি সৌমিতৃষা। অবশেষে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখা গেল বহুদিন পর। হালকা হলুদ সালোয়ারে হাসিমুখে হাজির অভিনেত্রী। মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোনা যায়, মুখ্যমন্ত্রীর খুব প্রিয় একজন মানুষ সৌমিতৃষা, আর তাঁর প্রিয় সিরিয়ালের তালিকাতেও ছিল ‘মিঠাই’।
সেই দিন রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় বহুদিন পর একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন,
“যারা স্বপ্ন দেখেন, তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না। ধীরে ধীরে সেরে উঠছি।”
এই একটা লাইনেই অনেক কিছু বুঝিয়ে দিলেন তিনি। মানে, হ্যাঁ, অসুস্থ ছিলেন। তাই একপ্রকার নিজেকে সবার চোখের আড়ালে রেখেছিলেন।
শোনা গিয়েছিল, শারীরিক অসুস্থতার জন্য রাজ্যের বাইরে গিয়েই চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। তবে কী অসুখ, তা এখনও স্পষ্ট করেননি তিনি।
আরও পড়ুনঃ সংসার টানতে খুলেছিলেন খাবারের দোকান, আড়াই বছর পর আবার ক্যামেরার পেছনে অয়ন সেনগুপ্ত!
যা-ই হোক, এবার অন্তত তাঁর হাসিমুখের ছবিটা দেখে স্বস্তিতে অনুরাগীরা। বুঝতেই পারছেন, আবার ফিরছেন ধীরে ধীরে। ফিরছেন সেই হাসি, সেই স্বপ্ন নিয়ে। আর হয়তো খুব তাড়াতাড়ি আমরা আবার দেখতে পাব পর্দায়—আমাদের মিঠাই রানীকে!





