বলিউডের প্রতিবাদী কণ্ঠ বলতে যদি কারও কথা প্রথম মাথায় আসে, তিনি নিঃসন্দেহে রিচা চাড্ডা। শুধু অভিনয় নয়, সমাজ ও রাজনীতির নানা ইস্যুতেও তিনি বারবার নিজের মতামত স্পষ্ট করে তুলে ধরেছেন। কটাক্ষ বা ট্রোল? সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা করেন না রিচা। বরং প্রতিবাদের ভাষা যেন আরও তীক্ষ্ণ হয়, সেটাই চেষ্টা করেন তিনি।
কিন্তু এবার যা বললেন, তা শুনে অনেকেই চমকে গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা জানান, মা হওয়ার পর তাঁর চিন্তা-ভাবনায় বড়সড় পরিবর্তন এসেছে। কেরিয়ার নয়, এখন তাঁর জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিবার আর তাঁর ছোট্ট মেয়ে। আর এই কন্যাসন্তান জন্মের পরই এমন একটা ভাবনায় পৌঁছেছিলেন, যেটা শুনে অনেকেই অবাক হয়েছেন।
রিচা বলেন, “দুনিয়াজুড়ে যা যা ঘটছে—কখনও কোথাও গণহত্যা, আবার কোথাও ধর্ষণ—সব মিলিয়ে ভয় লাগে। তখন মনে হয়েছিল, ভারতে যদি থাকতে হয়, একটা বন্দুক কিনে রাখা দরকার!”
তবে সেই ভয় এখন আর আগের মতো নেই। রিচা এখন মেয়েকে সাহসী ও আত্মনির্ভর করে তোলার দিকেই জোর দিচ্ছেন। “আমি চাই, ও যেন আমার মতোই স্ট্রং হয়ে উঠতে পারে,”—বলেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২২ সালে রিচা চাড্ডা ও অভিনেতা-গায়ক আলি ফজল গাঁটছড়া বাঁধেন। আর ২০২৪ সালের জুলাই মাসে তাঁদের জীবনে আসে ছোট্ট পরি—তাঁদের কন্যাসন্তান।
আরও পড়ুনঃ “ড্যাব ড্যাব করে তাকাতেন, একলা পেলেই কাছে ডাকতেন!” রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মৌসুমীর
রিচাকে শেষবার দেখা গিয়েছিল সঞ্জয় লীলা ভানসালির আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’-তে, যেখানে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের।
রিচার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা, কিন্তু এটাও স্পষ্ট—একজন মা হিসেবে তিনি নিজের সন্তানকে রক্ষা করতে যা যা ভাবছেন, তা একেবারেই মানবিক।





