বলিউডের হ্যান্ডসাম হিরো কার্তিক আরিয়ান এখন কেবল সিনেমা নয়, রাজনীতির গসিপেও চূড়ান্ত হট টপিক! হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিকে যেখানে তিনি একের পর এক হিট ছবিতে কাজ করছেন, অন্যদিকে রাজনীতিতে পা রাখবেন কি না, সেই নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে।
সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে কার্তিকের একান্ত বৈঠকের ছবি ভাইরাল হতে না হতেই নেটপাড়ায় প্রশ্নের ঝড় – তাহলে কী তিনি রাজনীতির মাঠে নামছেন?
বস্তুত, কার্তিক এখন তার নতুন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা’ নিয়ে বেশ ব্যস্ত। এর মাঝেই হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ! সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজেই একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, কার্তিক পরেছেন গোলাপি শার্ট আর সাদা প্যান্ট – যথারীতি স্টাইলিশ। তবে এই ‘বন্ধ ঘরের’ আলোচনায় কী কী ঠিক হল, তা কেউ জানে না।
এখানেই শেষ নয়। রাজনীতি জল্পনার পাশাপাশি কার্তিকের ফিল্মি সংযোগেও নতুন চমক। কিছুদিন আগে তিনি শেয়ার করেছিলেন তার শুটিং ডায়রির ঝলক। সেখানে দেখা যায়, জ্যাকি শ্রফ এবং ডিরেক্টর সুভাষ ঘাইয়ের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিচ্ছেন তিনি। সুভাষ ঘাই তো ২০১৪ সালেই ‘কাঞ্চি’ ছবির মাধ্যমে কার্তিককে একটা বড় সুযোগ দিয়েছিলেন। আর ‘হিরো’ ছবিতে ১৯৮৩ সালে তিনি যেভাবে জ্যাকি শ্রফকে লঞ্চ করেছিলেন, এবার কি কার্তিকের জন্য নতুন কোনও চমক আসছে?
রাজস্থানের প্রতি তার টানও স্পষ্ট। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কার্তিক বলেন, “রাজস্থানের সংস্কৃতি, স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে আকৃষ্ট করে। আমি বারবার এখানে আসতে চাই।”
আরও পড়ুনঃ ‘বন্দুক ছাড়া ভারতে থাকা যাবে না’ হঠাৎ এমন কথা কেন বললেন রিচা চাড্ডা?
সব মিলিয়ে বলিউডের ‘প্রেমী হিরো’ এখন কি ‘নেতা হিরো’ হতে চলেছেন? উত্তর এখনও অজানা, কিন্তু গুঞ্জন তো শুরু হয়ে গেছে ভালো মতোই!
আপনি কী ভাবছেন? কার্তিককে রাজনীতির মঞ্চে দেখতে কেমন লাগবে?





