মহানায়ক সম্মান ২০২৫: রূপঙ্কর, ইমন, গার্গীদের হাতে সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?

২৪ জুলাই—উত্তম কুমারের প্রয়াণ দিবস। বাঙালির মননে যিনি আজও মহানায়ক। আর সেই বিশেষ দিনেই ধনধান্য প্রেক্ষাগৃহে জমকালো অনুষ্ঠানের আয়োজন করল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। বাংলা চলচ্চিত্রের জন্য যাঁরা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হল ‘মহানায়ক সম্মান’। পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

এবার ‘মহানায়ক শ্রেষ্ঠ সম্মান’ পেলেন বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষ। পাশাপাশি সম্মানে ভূষিত হয়েছেন আরও অনেকে—প্রস্থেটিক মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু, গায়িকা ইমন চক্রবর্তী, গায়ক রূপঙ্কর বাগচী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ।

অনুষ্ঠানে উঠে এল আরও অনেক কথা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে *বাংলা সঙ্গীত একাডেমি। খুব শীঘ্রই হবে উদ্বোধন। এছাড়াও আসছে *টেলি একাডেমি অ্যাওয়ার্ডস, আর ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে এবারও থাকছেন গৌতম ঘোষ।

বাংলা ছবিকে নিয়ে বিশেষ আবেদনও জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,
“সব সিনেমাকেই গুরুত্ব দিন, কিন্তু বাংলা সিনেমাকে অবহেলা করবেন না। যারা বাংলায় গান গেয়েছেন, তাঁদের একটু বেশি গুরুত্ব দিন।”

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, বুম্বাদা একটি মডেল তৈরি করেছেন—প্রায় ১০০টি জায়গায় ৪০-৫০ জন বসার মতো ছোট ছোট সিনেমা হল তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়,
“এতে প্রত্যন্ত গ্রামে সিনেমা পৌঁছবে, কর্মসংস্থানও বাড়বে। ভালো সিনেমা বানালে এবার তার বাজারও তৈরি হবে।”

তবে মুখ্যমন্ত্রীর চোখ এড়ায়নি মেগা সিরিয়ালের সাম্প্রতিক প্রবণতা। স্পষ্ট ভাষায় নির্মাতাদের উদ্দেশে বললেন,
“এখন দেখি সিরিয়ালগুলোতে সবাই বিষ দিচ্ছে, তিনজন ঝগড়া করছে। এসব বাজে জিনিস শেখাচ্ছে। এতে সমাজের উপর খারাপ প্রভাব পড়ছে। অনেকেই আত্মহননের পথ নিচ্ছে। এটা কি ঠিক?”

তিনি আরও যোগ করেন,
“সারাদিন কাজ করে ক্লান্ত মানুষ সিরিয়াল দেখে একটু রিল্যাক্স করতে চায়, টেনশন বাড়াতে নয়। তাই এমন গল্প বানান, যেটা ভালোবাসা, মূল্যবোধ শেখায়, বিবেক জাগায়। বাংলা গানকেও সিরিয়ালে বেশি করে জায়গা দিন।”

সোজা কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেন একদিনের জন্য শুধু মুখ্যমন্ত্রী নন, হয়ে উঠেছিলেন বাংলা সিনেমা আর সংস্কৃতির একজন আন্তরিক অভিভাবক।