অহনা দত্তর সঙ্গে তার মায়ের সম্পর্ক এখন অনেকটাই দূরের। অনেক দিন হল মা-মেয়ের মধ্যে কথাবার্তা নেই বললেই চলে। মা চাঁদনী গঙ্গোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারেননি মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে মাত্র ১৮ বছরের অহনার সম্পর্ক। সেই বিরোধ থেকেই সম্পর্কের ছেদ। অহনা এখন দীপঙ্করের স্ত্রী। আর ২৮ জুলাই তাঁদের ঘরে এল এক ফুটফুটে কন্যাসন্তান।
এই খবরে মা চাঁদনী গঙ্গোপাধ্যায় কী বললেন? চমকে উঠলেন প্রশ্ন শুনেই!
আমরা যখন ফোনে এই খবর জানালাম, চাঁদনী তখনও জানতেনই না, তিনি নানী হয়েছেন! যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন। একটু সামলে নিয়ে বললেন, “সব শিশুই তো আশীর্বাদ। সবাই যেন ভাল থাকে, সুস্থ থাকে। আমার কোল তো খালি হয়ে গিয়েছে। স্বামীর সাহায্য ছাড়াই মেয়েকে বড় করেছি। ভাবিনি, এমনভাবে আমার কাছ থেকে ও দূরে সরে যাবে…”
নাতনি হওয়ার খবর পেয়ে কান্না আর ধরে রাখতে পারলেন না চাঁদনী। মেয়ের কথা ভেবে ভেঙে পড়লেন। তবু অভিমান যেন এখনো মন থেকে পুরোটা মুছে যায়নি। বললেন, “প্রার্থনা করি অহনা অনেক টাকা উপার্জন করুক। আর সেই রূপটান শিল্পীকে গাড়ি, বাড়ি করে দিক। যত দিন ওর কাছে টাকা থাকবে, তত দিন হয়তো সব ভালই চলবে।”
আরও পড়ুনঃ আর ফিরবেন না পর্দায়! চলে গেলেন বাংলা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, পিতৃহারা সম্পূর্ণা লাহিড়ী
অন্যদিকে বাবা হওয়ার উচ্ছ্বাসে ভাসছেন দীপঙ্কর। জানালেন, “কী অনুভূতি হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না। মা আর মেয়ে দু’জনেই একদম ভাল আছে। নামও ঠিক করে ফেলেছি আমরা, কিন্তু এখনই প্রকাশ করব না।” মা-মেয়ের মাঝে দীর্ঘদিনের দূরত্ব। নতুন প্রাণের আগমনে তা কি একটু হলেও কমবে? উত্তর সময়ই দেবে।





