জনপ্রিয়তার শিখরে পৌঁছেও ক্যামেরা থেকে দূরত্ব! কেন হারিয়ে গেলেন তিথি বসু? কী বলছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক?

এক সময় যিনি বাংলার ঘরে ঘরে ‘মা’ ধারাবাহিকের ছোট্ট তিথি নামেই পরিচিত হয়ে উঠেছিলেন, সেই তিথি বসু এখন আর পর্দায় নেই। অথচ কী জনপ্রিয়তা ছিল তাঁর! ‘মা’ চলেছিল প্রায় পাঁচ বছর, প্রতিটি বাঙালি দর্শকের কাছে এক আবেগের নাম ছিল এই সিরিয়াল। শুধু ছোটপর্দাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘বন্ধু’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে, শিশুশিল্পী হিসেবে।

কিন্তু তারপর? ধীরে ধীরে যেন হারিয়ে গেলেন ক্যামেরার জগৎ থেকে। এখন আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভিড়ে নেই তিথি। সোশ্যাল মিডিয়া আর ইউটিউবের দুনিয়ায় খানিক সক্রিয়, ফিটনেস আর পড়াশোনাতেও মন দিয়েছিলেন অনেকদিন।

তবে এই দূরত্বটা স্বেচ্ছায় নেওয়া নয়, বরং সময়ের সাথে জড়িয়েছে একাধিক অভিজ্ঞতা। তিথি নিজেই বলেন, “মা ধারাবাহিক করার সময় তো আমি একেবারেই ছোট ছিলাম। তখন মা-বাবারাই সব সিদ্ধান্ত নিতেন। ওঁরা চাইতেন পড়াশোনাটা আগে হোক। কলেজে ওঠার পর ‘ময়ূরপঙ্খী’ সিরিয়াল করেছিলাম, কিন্তু তার পরেই লকডাউন এসে সব বন্ধ হয়ে গেল।”

পরে অবশ্য কিছু চরিত্রের অফার এসেছিল তাঁর কাছে, কিন্তু সেগুলো নাকি মনমতো হয়নি। তিথি বলেন, “আমায় বহু বার চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছিল, তারপর হঠাৎ করে জানানো হয় আমি থাকছি না। কী কারণে সরানো হয়েছিল, আজও জানি না।”

এখন যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের জগৎ গড়ে তুলেছেন, নিয়মিত ভ্লগ করেন, কিন্তু মনে মনে তো এখনও সেই ক্যামেরার টান রয়ে গিয়েছে। তিথির স্পষ্ট কথা, “ভ্লগিং অনেক পরে এসেছে, অভিনয়ই আমার আসল পরিচয়। এখনও মনে করি, ধৈর্য ধরে থাকলে ভাল সুযোগ একদিন আসবেই।”

আসলে এক সময় যে আলোয় থাকতেন, সেটার টান তো সহজে যায় না। তিথিও ফিরতে চান, ভালো চরিত্রে, ভালো গল্পে। এখন শুধু সময়ের অপেক্ষা।