টলিউডে এখন যেন সম্পর্কগুলো চুপিসারে বদলে যাচ্ছে। একদিন যে জুটি ছিল নজরকাড়া, কয়েক বছর পরেই হয়তো দেখা যাচ্ছে তাদের আলাদা পথে হাঁটতে। কেউ কেউ আবার পুরনো সম্পর্ক ছেড়ে নতুন সঙ্গীকে বেছে নিচ্ছেন। কারও সঙ্গে বছর পাঁচেক প্রেম, তার পর হঠাৎই অন্য কাউকে স্ত্রী পরিচয়ে দেখা যাচ্ছে—এই ধরনের চিত্র আজকাল প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কের এই নতুন সমীকরণ নিয়েই মুখ খুললেন এক অভিজ্ঞ অভিনেত্রী। তাঁর কথায়, “একজনকে দেখলাম স্বামী-স্ত্রী, পাঁচ-ছয় বছর পর দেখি উনি আবার অন্য মহিলার সঙ্গে! শুনছি এখন এই-ই নাকি ওঁর বউ!” এমন মন্তব্যে শুধু দর্শক নয়, উপস্থিত সকলেই খানিকটা চমকে গিয়েছেন। যদিও তিনি কারও নাম বলেননি, দর্শকদের অনেকেই কিন্তু অনুমান করছেন, এটি এক বিশেষ পরিচিত দম্পতিকে নিয়েই ইঙ্গিত।
সম্প্রতি এই বক্তব্য উঠে এসেছে ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকার প্রোমোতে। সেই পর্বে আরও এক প্রবীণ অভিনেত্রী কল্যাণী মণ্ডলকেও দেখা গেছে, যিনি বলেছেন, “আজ হাসছে, কাল মুখ গোমড়া করে বলে—চিনি না!” বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়ে এই দু’জন অভিনেত্রীর এমন খোলামেলা কথা রীতিমতো ভাইরাল হয়েছে।
প্রোমো প্রকাশ্যে আসতেই মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আগুনের ইমোজি ব্যবহার করেছেন, কেউ সরাসরি লিখেছেন, “মনে হচ্ছে কাঞ্চনদা আর শ্রীময়ীর প্রসঙ্গেই বললেন!” যদিও নির্মাতাদের তরফে এমন কোনও স্পষ্ট বার্তা নেই।
আরও পড়ুনঃ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে হেফাজত বলিউড অভিনেতা রাজকুমার রাও, আদালতে তড়িঘড়ি আত্মসমর্পণ করলেন অভিনেতা
জি বাংলার ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকার এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী রবিবার রাত সাড়ে ৮টায়। সম্পর্কের বাস্তব চেহারা নিয়ে এমন খোলামেলা আলোচনা দেখতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।





