‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক এখন বড় হয়ে গিয়েছেন, তা তো আগেই জানেন দর্শকরা। তবে শুধু বড় হওয়া নয়, এবার প্রেমেও পড়েছেন তিথি বসু! বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, কিন্তু এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
মার্চ মাসে মানালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন তিথি। সেখান থেকেই একগুচ্ছ ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। সাদা-কালো সেই ছবিগুলোতে দেখা যাচ্ছিল, তিনি একা নন – সঙ্গে রয়েছেন আরও একজন। কিন্তু কে তিনি? তখন মুখ দেখাননি তিথি, কেবল একান্ত মুহূর্তের ঝলকই ভাগ করে নিয়েছিলেন। একটিতে প্রেমিকের বুকে মুখ লুকিয়ে রয়েছেন, আরেকটিতে বরফে ঢাকা পাহাড়ের মাঝে দু’জন মুখোমুখি দাঁড়িয়ে।
ছবির ক্যাপশনে তিথি লিখেছিলেন, “আমি ওঁর, আর ও আমার। শেষ পর্যন্ত শুধু আমি আর সে।” কিন্তু অদ্ভুতভাবে, কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করে দেন তিনি।
তারপর কেটে যায় প্রায় চার মাস। অবশেষে আবার প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন তিথি। এবারেও প্রেমিকের মুখ স্টিকারে ঢাকা, কিন্তু আবেগে খাঁটি কাচের মতো স্পষ্ট। ক্যাপশনে লিখলেন, “সবাইকে ভুলে যাই, শুধু তুই মনে থেকে যা।”
তবে এত ঢাক-ঢোল কেন? এত লুকোচুরি? আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে খোলামেলা বললেন তিথি। জানালেন, “আমি নজর লাগায় খুব বিশ্বাস করি। তাই এখনই একসঙ্গে ছবি দিই না। কিন্তু ইচ্ছা তো করেই, তাই দিলাম। আমাদের আলাপ হয়েছিল ভ্লগিংয়ের সময়। একটা সংস্থা আমাকে ভ্লগের কাজে নিয়েছিল, সেখানেই শুভজিতের সঙ্গে প্রথম দেখা। তারপর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।”
আরও পড়ুনঃ ‘ফ্রিতেও নেব না! ফুটপাথে এর চেয়েও ভালো মাল!’ ক্লাসের ছিটেফোঁটা নেই, তবু দাম আকাশছোঁয়া! মধুবনী-রাজার নতুন ব্যবসা ঘিরে বিতর্কের ঝড়!
হ্যাঁ, ঠিকই ধরেছেন—তিথির প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। একসময় চাকরি করতেন, এখন নিজের ব্যবসা শুরু করেছেন। তিথির ভ্লগিং-এও পাশে থাকেন সবসময়। তবে এটিই কিন্তু তিথির প্রথম প্রেম নয়। এর আগেও এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সময় ছিল একটু বেশি খোলামেলা। তবে সেই সম্পর্ক ২০২২ সালের ডিসেম্বরে শেষ হয়। নতুন সম্পর্ক নিয়ে এখন একটু বেশিই সতর্ক তিথি। তবে মুখে যাই বলুন, চোখে মুখে যে প্রেমের ছাপ স্পষ্ট, তা বলার অপেক্ষা রাখে না!





