এক সময়ের মোস্ট লাভড জুটি—দেব আর শুভশ্রী। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে আবারও এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা। পাশাপাশি বসলেন, হাসলেন, কথা বললেন, এমনকী একসঙ্গে নাচলেনও। মুহূর্তটা দেখে যেন মনে হচ্ছিল, পুরনো স্মৃতি ফিরছে চোখের সামনে।
অনুষ্ঠানে হালকা মেজাজেই চলছিল সব কিছু। হঠাৎ সাংবাদিকদের একটা প্রশ্ন—“আপনারা আবার কবে একে-অন্যকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন?” দেব হেসে বলেই ফেললেন, “ব্লক থেকে আনব্লক করেছি…”
এই কথাটা শুনে সঙ্গে সঙ্গেই শুভশ্রীর ছোটা প্রশ্ন—“ব্লকটা কে করেছিল? আমি তো করিনি!” মানে স্পষ্ট—দেব-ই ব্লক করেছিলেন শুভশ্রীকে। আর এখন কিছুদিন আগেই সেই ব্লক তুলে দিয়েছেন।
এরপর আরও এক চমকপ্রদ মুহূর্ত। শুভশ্রী বললেন, “আমার ফোনটা দাও তো।” ফোন হাতে নিয়েই ইনস্টাগ্রামে দেবকে ফলো করতে গেলেন তিনি। কিন্তু বাধ সাধল নেটওয়ার্ক! শেষমেশ অবশ্য কাজটা হয়েই গেল—শুভশ্রী দেবকে ফলো করলেন। দেবও আর দেরি না করে ফোন নিয়ে শুভশ্রীকে ফলো করলেন।
আর তাতেই শেষ নয়, শুভশ্রী তুলে ফেললেন একখানা দারুণ সেলফি দেবের সঙ্গে। প্রেমের নয়, বরং এক বন্ধুত্বের সেলফি। পরে রাতেই সেই ছবি পোস্ট করলেন শুভশ্রী, ক্যাপশনে শুধু একটা কথাই লিখলেন—“এমনি”। দেবও কম যান না—উত্তরে দিলেন ছোট্ট এক শব্দ, “হুম”। এই খুনসুটির মুহূর্তে ভরে উঠল অনুরাগীদের মন। আজ সারাদিন এই নিয়েই যে চর্চা চলবে, সেটা বলাই বাহুল্য।





