দীর্ঘ সময় পর আবার এক ফ্রেমে এলেন দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, ঠিক শুনছেন! সোমবার রাতে ‘ধূমকেতু’র অনুষ্ঠানে মঞ্চ কাঁপাল এই প্রাক্তন প্রেমিক যুগল। কেউ ভাবেননি যে এত বছর পর আবার তাদের একই মঞ্চে দেখা যাবে— তাও এমন ঘনিষ্ঠ মুহূর্তে! কখনও একসঙ্গে নাচ, কখনও চোখে চোখে অভিমান, আবার কখনও দেবের হালকা ফ্লার্ট— সব মিলিয়ে যেন পুরনো দিন ফিরিয়ে আনল এই এক সন্ধ্যা।
নেটপাড়া তো রীতিমতো ‘দেশু’ জ্বরে কাঁপছে। ইনস্টাগ্রাম-ফেসবুক ভরে উঠেছে তাঁদের ভিডিয়োতে, মিমে, ফ্যানদের আবেগে।
ঠিক এই সময়েই এল এক পোস্ট— একেবারে বাজ পড়ার মতো। কেউ জানতেও পারত না যদি না রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র হঠাৎ এমন এক ক্যাপশন দিতেন যা চোখ টেনে নেয়।
তিনি লিখলেন,
“কী রে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? History repeats… বুকের বাঁদিকটা চিনচিন করছে তো? আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।”
এই পোস্ট এক ঝটকায় ভাইরাল হয়ে গেল। কারণ? দেব-শুভশ্রীর রিইউনিয়নের সঙ্গে রাজ-শতাব্দীর পুরনো গল্প যে কোথাও গিয়ে জুড়ে যায়।
শতাব্দী মিত্র, যিনি রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী— তাঁদের বিয়ে হয়েছিল ২০০৬ সালে। তখনও রাজ ছিলেন স্ট্রাগলিং পরিচালক। সাফল্য তখনও হাতের বাইরে। কিন্তু একসময় টলিউডে রাজের উত্থান শুরু হল, আর একইসঙ্গে শুরু হল দাম্পত্যে ফাটল। শেষমেশ ২০১১ সালে তাঁদের ডিভোর্স হয়।
এরপর রাজের জীবনে এলেন পায়েল, মিমি এবং সবশেষে শুভশ্রী। ২০১৮ সালে রাজ-শুভশ্রীর বিয়ে হয়, এখন তাঁরা দু’জন সন্তান নিয়ে সুখে সংসার করছেন।
আরও পড়ুনঃ ‘সময় শেষ হয়ে আসছে…’, বাংলা ভাষা বিতর্কে রূপাঞ্জনা মিত্রের সাফ বার্তা
তবে শতাব্দীর সেই পোস্ট যেন একটু অন্য কথা বলল। হয়তো অভিমান, হয়তো স্মৃতি, হয়তো পুরনো ক্ষত— আর সেটাই এমন সময় বেরিয়ে এল, যখন দেব-শুভশ্রীর পুরনো রসায়ন ফের আলোচনায়। কেউ কেউ বলছেন, “বুকের বাঁদিকটা শুধু রাজের নয়, অনেকেরই চিনচিন করছে আজ!”





