তিলোত্তমা কাণ্ডের এক বছর পূর্ণ হলেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী দেবলীনা। ন্যায়ের দাবিতে লাগাতার প্রতিবাদ করলেও তার খেসারত দিতে হচ্ছে তাঁকে কাজ হারিয়ে। আর জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা বলেন, গত বছরের পুজোর সময় থেকে আজ পর্যন্ত একাধিক ইভেন্ট বাতিল হয়েছে তাঁর, শুধুমাত্র আন্দোলনের পাশে দাঁড়ানোর কারণে।
তিনি জানান, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি শিল্পীদের উপার্জনের গুরুত্বপূর্ণ সময়। কিন্তু গত বছর পুজো বাদ দিয়ে তাঁর সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে যায়। যাঁদের সঙ্গে আগের দুই বছর কাজ করেছেন, তৃতীয় বছরে যাওয়ার কথা থাকলেও তারা ফোন করে ক্ষমা চান। কোথাও তাঁর নাম নিলেই আয়োজকদের মধ্যে ভয় তৈরি হয়। অনেকেই প্রমাণ চাইছেন, কিন্তু আয়োজকরাই তাঁকে অনুরোধ করেছেন, যেন নাম প্রকাশ না করেন।
এই বছরও ছবিটা বদলায়নি। কয়েকটি খুঁটিপুজোর ডাক এলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে। দেবলীনার দাবি, টালিগঞ্জের এক বিখ্যাত মহিলা পরিচালক, TV9 বাংলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে রেড কার্পেটে দাঁড়িয়ে সরাসরি বলেছিলেন— “দেবু, তোকে কী করে ছবিতে নেব? আমাকে তো ছবি রিলিজ করতে হবে।” এই কথাই তাঁকে ভাবিয়ে তুলেছে— তবে কি উপার্জনের জন্য ভয় নিয়েই বাঁচতে হবে?
দেবলীনা বলেন, “ভয় পেতে আমার খুব কষ্ট হয়। এতে রাতের ঘুম নষ্ট হয়, আয়নায় নিজের দিকে তাকাতে অসুবিধা হয়। তাই দরকার হলে অন্যভাবে রুজিরুটির ব্যবস্থা করব। প্রকৃতির দয়ায় হাত-পা-মাথা এখনও চলছে, কিন্তু উপার্জনের জন্য যদি জীবনযাপনে নিয়ম বেঁধে দিতে হয়, সেটা আমার কাছে অসহনীয়।”
আরও পড়ুনঃ কুড়ি বছরের গোপন তথ্য ফাঁস! আদালতে খুলে গেল চন্দ্রর মুখোশ! সুবিচারের লড়াইয়ে বিজয়িনী কমলিনী!
তিনি আরও জানান, শুধু তিনি নন, তাঁর সঙ্গে প্রতিবাদে শামিল অনেক সহযোদ্ধারও শো বাতিল হয়েছে। পরিচিত মুখদের খবর হয়তো বেশি শোনা যায়, কিন্তু তিনি নিজেকে আমজনতার একজন হিসেবেই দেখেন। তাঁর কথায়, আমজনতা যারা প্রতিবাদ করেছেন, তাঁদের যেটা সহ্য করতে হয়েছে, তাকেও তাই সহ্য করতে হয়েছে।





