“শুধু ভালোবাসা নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন শারীরিক ঘনিষ্ঠতা, বিয়ের আগে ঘনিষ্ঠতাই সম্পর্কের আসল চাবিকাঠি!” নাতনিকে উপদেশ জয়ার!

জয়া বচ্চন মানেই সোজাসাপ্টা কথা, সেটা ক্যামেরার সামনে হোক বা পরিবারের আড্ডায়। নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্টে এসে আবারও সেই দিকটা স্পষ্ট করলেন তিনি। প্রেম, বিয়ে, এমনকি শারীরিক ঘনিষ্ঠতা নিয়েও খোলামেলা কথা বলতে তার কোনও দ্বিধা নেই।

লং ডিস্ট্যান্স রিলেশনশিপ নিয়ে কথা বলতে গিয়ে জয়া স্পষ্ট বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে শারীরিক ঘনিষ্ঠতা খুবই জরুরি। বিয়ের আগে এই নিয়ে সমাজে নানা বাঁকা দৃষ্টিভঙ্গি থাকলেও, তিনি এতে কোনও দোষ দেখেন না। তাঁর মতে, ঘনিষ্ঠতা থাকলে সম্পর্ক আরও মজবুত হয়। শুধু ভালোবাসা বা বোঝাপড়া যথেষ্ট নয়, একে অপরের কাছে আসাটাও দরকার।

জয়ার ভাষায়, তাঁদের সময়ে হয়তো এমন সুযোগ ছিল না, কিন্তু আজকের প্রজন্মকে এই নিয়ে লজ্জা বা কুণ্ঠাবোধ করা উচিত নয়। অনেক মেয়েই এখনও প্রাণ খুলে কথা বলতে সংকোচ বোধ করে, কারণ সমাজ তাদের উপর অযথা নিয়ম-কানুন চাপিয়ে দিয়েছে।

মজার ব্যাপার, নাতনির সঙ্গে এমন উদার আলোচনা করলেও মেয়ে শ্বেতা বচ্চনের মতে, মা হিসেবে জয়া ছিলেন একেবারেই কড়া। প্রয়োজনে বকাঝকা তো করতেনই, গায়ে হাত তোলাও নাকি বাদ যেত না। কিন্তু দিদা জয়া একেবারেই আলাদা—খোলা মনে কথা বলেন, সমর্থন দেন।

এর আগেও জয়া বলেছিলেন, যদি নব্যা বিয়ে না করেও মা হতে চায়, তিনি দিদা হিসেবে তার পাশে থাকবেন। জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর পরামর্শ, নিজের সেরা বন্ধুকেই বেছে নেওয়া উচিত—যার সঙ্গে সবকিছু নিয়ে খোলাখুলি আলোচনা করা যায়। বিয়ে তো মূলত সমাজের জন্য, ভালোবাসা আর বোঝাপড়া থাকলেই সম্পর্কের আসল মানে তৈরি হয়।