বলিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী এবার জেলে ঢুকছেন! খবরটা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছেন ভক্তরা। কী এমন ঘটল, যে কারণে জনপ্রিয় এই অভিনেতাকে জেলে যেতে হচ্ছে? আরও চমকের বিষয়—সেই জেলেই অপেক্ষা করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসলে মিঠুনের জেলে যাওয়া একেবারেই সিনেমার কাহিনি। পরিচালক নেলসন দিলীপকুমারের নতুন ছবি ‘জেলার ২’–এ মিঠুনকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে, যেখানে জেলই হবে মূল প্রেক্ষাপট। রজনীকান্তের সঙ্গেই থাকবেন তিনি।
শুটিং ইতিমধ্যেই জোরকদমে চলছে চেন্নাইসহ দেশের নানা প্রান্তে। খুব শিগগিরিই রজনীকান্তের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন মিঠুন। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রটা মোটেও ক্যামিও নয়— বরং গল্পের মূল স্রোতের সঙ্গে যুক্ত পূর্ণাঙ্গ এক ভূমিকা।
এর আগে রজনীকান্তকে মিঠুনের দুটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল— হিন্দি ‘ভ্রষ্টাচার’ (১৯৮৯) আর বাংলা ‘ভাগ্যদেবতা’ (১৯৯৭)। তবে এবার প্রথমবারের মতো সমানতালে অভিনয় করবেন তাঁরা। ফলে দর্শকদের কাছে নিঃসন্দেহে এটি হতে চলেছে এক ঐতিহাসিক মিলন।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল, বিশ্বজুড়ে আয় করেছিল ৬০০ কোটিরও বেশি। রজনীকান্তের টাইগার মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রটি এক লাফে দর্শকের হৃদয়ে পৌঁছে গিয়েছিল। তাই সিক্যুয়েল ঘিরে প্রত্যাশাও আকাশছোঁয়া।
অন্যদিকে, রজনীকান্ত এখনও ব্যস্ত তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘কুলি’–এর সাফল্যে, যা মাত্র চার দিনেই দেশীয় বাজারে ২০০ কোটি আর বিশ্বব্যাপী ৪০০ কোটির গণ্ডি পার করেছে।
আরও পড়ুনঃ ছোটবেলার প্রেমিকার সঙ্গেই ঠিক হয়েছিল বিয়ে! কিন্তু হঠাৎই ভেঙে যায় সম্পর্ক! তারপরই নতুন বসন্ত হয়ে জীবনে আসে অনামিকা! জানেন পরিণীতার উদয়ের অতীতের কাহিনী?
এমন উজ্জ্বল সময়ে ‘জেলার ২’–এ মিঠুনের প্রবেশ নিঃসন্দেহে ছবিটিকে দেবে অন্য মাত্রা। ভারতীয় সিনেমার দুই মহাতারকার এই জুটি শুধু পর্দায় নয়, দর্শকের মনেও তৈরি করবে অমোচনীয় স্মৃতি।





