কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ এখন একেবারে টক অব দ্য টাউন। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহেই চমকপ্রদ ব্যবসা করার পর, দ্বিতীয় সপ্তাহেও ছবির জনপ্রিয়তা একটুও কমেনি। বুক মাই শো-র ট্রেন্ডিং তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘ধূমকেতু’। আর ২৩ অগাস্ট প্রিয়া সিনেমা হলে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ স্ক্রিনিংয়ের, যেখানে হাজির হয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে সুস্মিতা চট্টোপাধ্যায়— উপস্থিত ছিলেন অনেকেই।
সিনেমা হলের বাইরে সেই দিন ছিল উপচে পড়া ভিড়। দর্শকদের আশা ছিল, বারান্দা থেকে একসঙ্গে দেখা মিলবে দেব-শুভশ্রীর। সেই অপেক্ষায় ছিলেন অনেকে। তবে শেষ মুহূর্তে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে আটকে গিয়ে এই স্ক্রিনিংয়ে আসতে পারেননি শুভশ্রী। ফলে প্রিয় জুটিকে একসঙ্গে না দেখার আক্ষেপ থেকেই গেল অনুরাগীদের মনে।
তবে অন্যদিকে দেব-রুক্মিণী মৈত্রর রসায়নই যেন আলো কেড়ে নিল। দেবকে ঘিরে দর্শকদের উত্তেজনা এমনিই ছিল তুঙ্গে। কেউ তাঁকে রাখি পরালেন, কেউ আবার ফ্রেমে বাঁধানো ছবি উপহার দিলেন। এরই মধ্যে দেবের প্রযোজনা সংস্থার প্রথম ছবি হওয়ায়, বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে রুক্মিণীকে। ছবির টাইটেল কার্ডেও তাঁর নাম রয়েছে। প্রযোজক রাণা সরকার রুক্মিণীকে মঞ্চে ডাকলেও, তিনি নিজে একটু আড়ষ্ট ছিলেন। তবু হাসিমুখে জানিয়ে দিলেন, “আমি ছিলাম, আছি, থাকব… শুধু একজনের জন্য।” সেই মুহূর্তেই হল জুড়ে গুঞ্জন, এই বক্তব্য যে দেবকে উদ্দেশ্য করেই বলা, তা আর আলাদা করে বলার দরকার নেই।
ছবি দেখে বেরিয়ে রুক্মিণী জানিয়েছেন, তাঁর ভীষণ ভালো লেগেছে ‘ধূমকেতু’। দর্শকের সঙ্গে একইসঙ্গে ছবিটি উপভোগ করার অভিজ্ঞতাও আলাদা মাত্রা এনে দিয়েছে। তিনি বলেন, এই ছবির প্রতিটি চরিত্রেরই আলাদা শক্তি রয়েছে, আর দেবের অভিনয় তাঁর কাছে দারুণ লেগেছে।
আরও পড়ুনঃ অপূর্ণ রয়ে গেছে উত্তম কুমারের শেষ ইচ্ছা! শেষ বিদায়ে চোখের জল, কেন মহানায়কের আবদার রাখতে পারেননি না সুচিত্রা?
এদিকে, ছবির প্রচারে দেব-শুভশ্রীকে দু’বার একসঙ্গে দেখা গিয়েছিল। মজার বিষয়, দুইবারই তাঁদের পোশাকের রং মিলেছিল। তাই দর্শকদের প্রশ্ন, আবার কবে বড়পর্দায় বা প্রচারে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে? যদিও আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রইল দেব-রুক্মিণীর মিষ্টি রসায়ন আর রুক্মিণীর সেই এক লাইনের বার্তা— “আমি ছিলাম, আছি, থাকব…”।





