একমাথা সাদা চুল, তীক্ষ্ণ চোখ, আর সংলাপে গলার দৃঢ়তা— এইভাবেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। প্রেমিক চরিত্র থেকে শুরু করে ভয়ঙ্কর খলনায়ক, আবার কখনও সঞ্চালক— বিনোদন জগতের প্রায় সব জায়গাতেই নিজের উপস্থিতি জানিয়েছিলেন তিনি। শুধু কাজ নয়, অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কও তখন সমান চর্চায় ছিল। অনেকে মনে করেছিলেন, এই প্রেমই নাকি তাঁর কর্মজীবনে ঝড় ডেকে এনেছিল। হঠাৎই যেন আড়াল হয়ে যান তিনি, দর্শকের মনে প্রশ্ন জাগে— কোথায় গেলেন কৃষ্ণকিশোর?
লম্বা বিরতির পর ছোটপর্দায় ফিরেছিলেন তিনি ‘ইচ্ছেপুতুল’, ‘মিঠিঝোরা’ আর ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এর মতো ধারাবাহিকে। তবে অভিনয়ের মাঝেই শিরদাঁড়ার অস্ত্রোপচার করতে হওয়ায় কিছুটা সময়ের জন্য বিরতি নিতে হয় তাঁকে। সেই সময়ে তাঁর চরিত্রে অন্য অভিনেতা এলেও, আবারও কৃষ্ণকিশোর ফিরে আসেন নিজের জায়গায়। এখন ২০২৫-এ তিনি আবারও বড়পর্দায় ফিরছেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘বেলা’-য়। সেখানে তাঁকে দেখা যাবে আকাশবাণীর এক আধিকারিকের চরিত্রে, পাশাপাশি রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও।
এতদিন কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণকিশোর মৃদু হেসে বলেন, “আমি তো এখানেই ছিলাম। আসলে ছোটপর্দার কাজ অনেক সময়ই লোকের নজরে আসে না। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে।” একথা বলার সঙ্গে সঙ্গেই যোগ করেন, তাঁর কাজের খাতায় কিন্তু বিরতি পড়েনি। শুধু আলোচনার কেন্দ্রে আসেননি তিনি।
কিন্তু এত লম্বা ক্যারিয়ারে আক্ষেপ নেই? জনপ্রিয়তা হয়তো আরও বড় জায়গায় নিয়ে যেতে পারত তাঁকে, যদি সম্পর্ক, প্রেম বা ব্যক্তিগত সিদ্ধান্তগুলো না আসত মাঝখানে। এ বিষয়ে শান্ত গলায় অভিনেতা বলেন, “যা করেছি খোলাখুলি করেছি। কোনও দিন লুকোইনি। জীবনটা আমার কাছে খোলা খাতা। হ্যাঁ, তাতে অনেক সময় ঢেউ ওঠে, কিন্তু সেগুলোও এক সময় শান্ত হয়ে যায়। বাইরে যাঁরা দেখেন, তাঁরা মনে করেন অনেক ঝড় বইছে। আসলে ভিতরে আমি শান্ত।”
আরও পড়ুনঃ জিমে গিয়েই ঘটল অঘটন, গুরুতর আহত অভিনেত্রী ইশা সাহা! কেমন আছেন এখন অভিনেত্রী?
কৃষ্ণকিশোরের কাছে খ্যাতি কখনওই সব কিছু নয়। তিনি স্বীকার করেন, খ্যাতির চাপ অনেক সময় সামলানো কঠিন হয়ে যায়। তাই নাম-যশের পিছনে না ছুটে তিনি নিজের মতো করে কাজ করে যেতে চান। এখন শুধু ক্যামেরার সামনে নয়, মঞ্চে আর ক্যামেরার পিছনেও কাজ করছেন তিনি। নিজের কথায়, “ভাল লাগছে, এই সময়টা আমি উপভোগ করছি।”





