স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা আবারও এক নতুন মোড় নিয়েছে। শুরু থেকেই এই ধারাবাহিকটা একটু আলাদা ছিল, কারণ এখানে দেখানো হয় এক মধ্যবয়সী নারী কমলিনীর জীবনযুদ্ধের গল্প। তবে এবার যে পরিবর্তন এসেছে, তা একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা।
কিছুদিন আগেই গল্পে বড় ধাক্কা এসেছিল প্লুটোর মৃত্যুর মধ্য দিয়ে। মৌকে বিয়ে করার প্রস্তুতি চলছিল, কিন্তু সেই সময়েই প্লুটো মিঠিকে জানায় যে সে এখনও মিঠিকেই ভালোবাসে। সেই স্বীকারোক্তির পর মিঠি প্লুটোকে অপমান করে। অপমান সহ্য না করে প্লুটো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। এই অপ্রত্যাশিত মৃত্যুতে দর্শকরা হতবাক হয়েছিলেন, অনেকেই এমন দৃশ্যকে একেবারেই মেনে নিতে পারেননি।
এরপর নতুন প্রমো প্রকাশ্যে আসতেই দর্শকদের ক্ষোভ আরও বেড়েছে। প্রমোতে দেখা যাচ্ছে, ফটোগ্রাফির প্রতিযোগিতায় জিতে পাঁচ লক্ষ টাকা বাড়ি নিয়ে আসে কমলিনী। খুশি হয়ে মেয়েকে জড়িয়ে ধরে সে জিজ্ঞেস করে, “কি চাই তোর?” এই কথার মাঝেই বর্ষা কটাক্ষ করে বলে, “ছেলেমেয়েকে ঘুষ দেওয়া হচ্ছে।” পাশে দাঁড়িয়ে থাকা বুবলাইও মায়ের বিপরীতে কথা বলে, “সবাই তো এক নয়।” এখানেই শেষ নয়, মায়ের দিকে সরাসরি আঙুল তোলে মিঠি।
সবাইকে চমকে দিয়ে মিঠি নিজের মাকে বলে ফেলে, “তুমি খুব স্বার্থপর মা।” এমনকি যখন স্বতন্ত্র বিষয়টা সামলানোর চেষ্টা করে, তখনও মিঠি কড়া ভাষায় বলে ওঠে, “সব সময় আমাদের মধ্যে কথা বলো না।” আচমকা মিঠির এই রূপ দেখে হতবাক হয়ে যায় কমলিনী। দর্শকরাও বিস্মিত হয়ে ভাবছেন, এতদিন যাকে স্নেহশীলা ও মমতাময়ী মেয়ে হিসেবে দেখানো হয়েছে, সে হঠাৎ এমন রূঢ় হয়ে গেল কীভাবে?
আরও পড়ুনঃ ‘আমার জীবন খোলা খাতা, যা করেছি খোলাখুলি করেছি, আফসোস নেই’ ভেঙেছে কমলিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেম! সম্পর্ক ও কর্মজীবন নিয়ে অকপটে অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়
প্লুটোর মৃত্যু এখনও ভুলতে পারেননি দর্শকরা, তার মধ্যে মিঠির চরিত্রে এমন হঠাৎ পরিবর্তন আরও ধাক্কা দিয়েছে তাঁদের। অনেকে প্রশ্ন তুলছেন, লেখিকা কি ইচ্ছে করেই গল্পকে অতি নাটকীয় পথে নিয়ে যাচ্ছেন? মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক এভাবে একে একে ভেঙে পড়তে দেখা মোটেই ভাল লাগছে না দর্শকদের। সব মিলিয়ে, ধারাবাহিকের এই নতুন ট্র্যাক দর্শকদের কেবল হতাশই নয়, ক্ষুব্ধও করছে।





