আবারও নতুন ঝড় দিতিপ্রিয়া রায়ের জীবনে? শোনা যাচ্ছে, তাঁর উপর নাকি কু-নজর পড়েছে একদল দুষ্কৃতীর। ফলে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারছেন না নায়িকা। দিনরাত নজরদারি চলছে তাঁর উপর। এমন অবস্থায় নিজের সম্মান আর নিরাপত্তা বাঁচাতে নাকি বাধ্য হয়ে ছদ্মবেশে রাস্তায় বেরোতে হচ্ছে দিতিপ্রিয়াকে। শুনে নিশ্চয়ই চমকে গেছেন?
আসলে বাস্তব জীবনে নয়, এই সমস্ত ঘটনাই ঘটছে টেলিভিশনের পর্দায়। দিতিপ্রিয়া এখন ব্যস্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং নিয়ে। আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তখন ক্যামেরার সামনে থাকায় ফোন ধরতে পারেননি। তবে টেলিপাড়ার খবর বলছে, নতুন মোড় নিতে চলেছে এই ধারাবাহিকের কাহিনি, আর সেখানেই দর্শক দেখবেন এই চমক।
গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা ‘অপর্ণা’ এক রাতে একা বেরোনোর পর দুষ্কৃতীদের কবলে পড়ে যান। তাঁকে বাঁচাতে ঠিক সময়ে হাজির হন নায়ক ‘আর্য সিংহ রায়’, যিনি চরিত্রে অভিনয় করছেন জীতু কমল। একপ্রস্থ উত্তেজনাপূর্ণ মারপিটের পর দু’জনে আশ্রয় নেন এক মন্দিরে। মন্দিরের সাজসজ্জা দেখে মনে হচ্ছে, সেটি রাধাকৃষ্ণের মন্দির। আর সেখানেই নিজের বাঁচার পথ খুঁজতে গিয়ে দিতিপ্রিয়া ‘রাধা’র সাজ নেন। নীল ঘাঘরা-চোলি, গয়না আর ভরপুর সাজে তাঁকে নতুনভাবে দেখতে পাওয়া যাবে।
ইতিমধ্যেই দিতিপ্রিয়ার এই সাজসজ্জার ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভক্তরা বলছেন, এমন রূপে তাঁকে দেখে যেন চোখ ফেরানোই দায়। তবে অনেক দর্শকের দাবি, গোটা ঘটনাই হয়তো স্বপ্নকল্প। কারণ সিরিয়ালের কাহিনিতে আর্য-অপর্ণার মধ্যে গভীর প্রেম ফুটে উঠছে, আর সেই আবেগ থেকেই নাকি এই ধরনের একটি দৃশ্য তৈরি হতে চলেছে।
আরও পড়ুনঃ ‘আমি শরীর বেচতে আসিনি’ অভিনেত্রী মানেই কি খোলামেলা পোশাক? হাতকাটা পোশাক বিতর্কে শ্বেতার মন্তব্যে! কী বললেন মানসী-ঋ-সুস্মিতারা
আসল রহস্য কী, তা জানার অপেক্ষা এখন দর্শকের। মঙ্গলবারের বিশেষ পর্বে পর্দা খুলবে এই নতুন গল্পের। তবে একটা জিনিস স্পষ্ট, দিতিপ্রিয়া রায়ের রূপ এবং অভিনয় দুই-ই আবারও দর্শকের নজর কেড়েছে। তাঁর নতুন ছদ্মবেশের চমকেই এখন টেলিপাড়ায় সবচেয়ে বেশি আলোচনা।





