রণবীর কাপুর আর আলিয়া ভট্টের নতুন প্রাসাদপ্রমাণ বাড়ি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মুম্বইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো বাড়ি নতুন করে সাজিয়েছেন এই তারকা দম্পতি। বহুদিন ধরেই সেখানে নির্মাণকাজ চলছিল, আর প্রায়ই আলিয়া-রণবীর গিয়ে কাজের অগ্রগতি দেখেছেন। অবশেষে গৃহপ্রবেশের দিন আসন্ন। কিন্তু এর মধ্যেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বাড়ির কিছু ঝলক ধরা পড়ে। আর সেটি নিয়েই রেগে যান আলিয়া।
অভিনেত্রীর দাবি, অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত পরিসরের ভিডিও তোলা হয়েছে, যা স্পষ্টতই গোপনীয়তার লঙ্ঘন। আলিয়া খোলাখুলি বলেন, “এটি শুধু প্রাইভেসি ইস্যু নয়, এটি নিরাপত্তার জন্যও বড় হুমকি। কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ্যে আনা মোটেও স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়।” তিনি সংশ্লিষ্ট ভিডিওগুলি মুছে ফেলার জন্যও অনুরোধ জানান।
এই প্রসঙ্গেই মুখ খুললেন বিতর্কিত অভিনেত্রী ও প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী পায়েল রোহাতগী। আলিয়ার বক্তব্যকে সরাসরি খোঁচা দিয়ে তিনি বলেন, “বাড়ির বাইরের ছবি তোলা বা রাস্তা থেকে ভিডিও করা কখনও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া নয়। যদি সত্যিই প্রাইভেসি লঙ্ঘন হতো, তাহলে সেটা হতো স্বামী বা অন্য কোনও পুরুষের সঙ্গে আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হলে।” তাঁর মতে, এই নিয়ে এত বাড়াবাড়ি করার কোনও মানে নেই।
পায়েল আরও যোগ করেন, “ইনফ্লুয়েন্সাররা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেন, তাতেও আশেপাশের বাড়ি দেখা যায়। তাতে কারও প্রাইভেসি নষ্ট হয় না। আপনার নিরাপত্তারক্ষী বসান, সিসিটিভি ক্যামেরা লাগান, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু বিষয়টিকে অতিরঞ্জিত করে তোলার মানে নেই।”
আরও পড়ুনঃ ‘আমার জন্য রাজনৈতিক ছবি করা কঠিন! তবে শাসক-বিরোধী নয়, শুধু পরিচালক রাজকে ভরসা করুন’ হোক কলরব সিনেমা নিয়ে বার্তা রাজ চক্রবর্তীর
তবে পায়েলের এই মন্তব্য ভাল চোখে দেখেননি নেটিজেনরা। আলিয়ার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় সরাসরি কটাক্ষ করেছেন তাঁকে। কেউ লিখেছেন, “মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে!” আবার কারও বক্তব্য, “এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে আছে। শুধু সমালোচনা করে আলোচনায় থাকতে চান।” একদিকে আলিয়া যখন তাঁর বাড়ি আর ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত, অন্যদিকে পায়েলের এই মন্তব্য নতুন করে বিতর্ক ছড়াল বলিউড মহলে।





