মিঠুন চক্রবর্তী–র সঙ্গে সন্তান সিনেমায় বড় পর্দায় আত্মপ্রকাশ হলেও অহনা ভট্টাচার্যের আসল পরিচিতি এসেছিল অনুরাগের ছোঁয়া–র মিশকা চরিত্রে। নেতিবাচক হলেও এই চরিত্রই তাঁকে এনে দিয়েছিল বিশেষ জনপ্রিয়তা। দীর্ঘ চার বছরের পথচলা শেষে ধারাবাহিকটির ইতি টানতেই সেই মিশকাকে আবার মনে করলেন অহনা। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন পুরনো কিছু লুক—কখনও বৃদ্ধার সেজে আবার কখনও সন্ন্যাসীর বেশে।
মিশকার ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, এই চরিত্রের প্রতি তাঁর ভালোবাসা একেবারে সত্যিকারের। অভিনয় জীবনের প্রথম পরিচিতি হিসেবে মিশকাই তাঁর সবচেয়ে বড় শিক্ষা বলে মনে করেন তিনি। তাই শেষ হলেও চরিত্রটিকে তিনি নিজের ভেতরেই রেখে দিতে চান। অহনার এই আবেগঘন পোস্ট দেখে অনুরাগীরা বুঝতেই পারছেন, মিশকা শুধু পর্দার চরিত্র নয়, অহনার জীবনের আবেগমিশ্রিত একটি অধ্যায়।
এই চরিত্র উপহার দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্দেশক অদিতিদি, স্যান্ডি দা, অনুপম দাদা, লোপামুদ্রা দি, অন্বেষা দি, শ্বেতা দি সহ পুরো টিমকে। বিশেষ ধন্যবাদ দিয়েছেন তাঁর স্বামী দীপঙ্কর রায়কে, যিনি প্রতিটি লুকে তাঁকে নেপথ্যে থেকে সাজিয়ে তুলেছিলেন। নিজের ধারাবাহিক পরিবারের প্রতি তিনি জানিয়েছেন গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।
মা হওয়ার পর কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন অহনা, তবে সোশ্যাল মিডিয়ায় তিনি রয়েছেন ভীষণ সক্রিয়। বিয়ের পর মায়ের থেকে দূরে থাকা কিংবা নিজের ছোট্ট মেয়ের বড় হওয়ার মুহূর্ত—সবকিছুই তিনি খোলামেলা ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। কয়েকদিন আগেই দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার প্রকাশ্যে দেখালেন তাঁর সন্তান মিরাকে, যাকে দেখে নেটিজেনরা ভরিয়ে দিলেন ভালোবাসায়।
আরও পড়ুনঃ ফুলশয্যায় স্ত্রীকে কী বিশেষ উপহার দিয়েছিলেন উত্তম কুমার? প্রকাশ্যে এল সেই গল্প
অহনার মেয়ের প্রতিদিনের খুনসুটি আর দুষ্টুমির ভিডিও দেখে মুগ্ধ হন সকলেই। অভিনেত্রীও জানিয়েছেন, সন্তান একটু বড় হলেই তিনি আবার ফিরে আসবেন পর্দায়। তবে যতদিন না সেই অপেক্ষার অবসান হচ্ছে, ততদিন তাঁর এই দিনযাপনই অনুরাগীদের কাছে হয়ে উঠছে আনন্দের আরেক উৎস।





