এক সময় একাই টলিউড ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সময়ের সঙ্গে নিজেকে বদলে আজও তিনি প্রাসঙ্গিক। এবার সেই পারিবারিক উত্তরাধিকারের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রসেনজিতের পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্যায় খুব শীঘ্রই টলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। পরিচালক দেবালয় ভট্টাচার্যের ছবি ভুগুন এর হাত ধরেই বড়পর্দায় অভিষেক হবে তাঁর। নতুন মুখকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল।
এই ছবিতে তৃষানজিতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আর্যা রায়কে। শ্রীকান্ত মেহতা এবং মহেন্দ্র সোনির প্রযোজনায় তৈরি হতে চলেছে এই বহু প্রতীক্ষিত প্রজেক্ট। নতুন বছর শুরু হয়ে গেলেও কাজ কবে শুরু হবে তা নিয়ে নানা জল্পনা চলছিল। তার মধ্যেই সদ্য ২১ বছরে পা রেখেছেন তৃষানজিৎ। জন্মদিনের পর থেকেই প্রশ্ন উঠছিল, তবে কি এবার পুরো দমে কাজে নামবেন প্রসেনজিৎ পুত্র।
ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, ছবির প্রাথমিক চিত্রনাট্য পরিচালকের পছন্দ হয়নি। সেই কারণে আপাতত প্রথম চিত্রনাট্য বাদ দিয়ে নতুন করে দ্বিতীয় চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। পরিচালক চান প্রথম ছবিতেই দর্শকের মন জয় করতে। তাই গল্প এবং চরিত্র নিয়ে কোনও রকম আপস করতে নারাজ দেবালয় ভট্টাচার্য। নতুন চিত্রনাট্য তৈরিতে সময় লাগছে বলেই শুটিং পিছিয়ে যাচ্ছে।
তবে বিলম্ব হলেও কাজ থেমে নেই। ইতিমধ্যেই ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে বলে খবর। সব কিছু ঠিকঠাক এগোলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুটিং ফ্লোরে নামবেন তৃষানজিৎ। যদিও এখনও চিত্রনাট্য পুরোপুরি শেষ না হওয়ায় বাকি কলাকুশলীদের চূড়ান্ত করা যায়নি। চিত্রনাট্য সম্পূর্ণ হলেই দ্রুত কাজ শুরু করবেন পরিচালক।
আরও পড়ুনঃ ভিড়ের চাপে অস্বস্তিতে বিগ বি! সবার মাঝে হেন’স্থার শিকার অভিনেতা! উদ্বেগে অনুরাগীরা!
প্রসঙ্গত, আগের গল্পে কলকাতা এবং মফস্বল এলাকার পটভূমি থাকলেও নতুন প্রজন্মকে আরও বেশি আকৃষ্ট করতে গল্পে বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন চিত্রনাট্যে কী ধরনের চমক থাকবে তা এখনই বলা যাচ্ছে না। তবে টলিউডের নতুন নায়ক হিসেবে তৃষানজিতের যাত্রা যে বেশ ভাবনাচিন্তাভাবেই শুরু হতে চলেছে, তা বলাই যায়। এখন সময়ই বলবে বড়পর্দায় কতটা বাজিমাত করতে পারেন প্রসেনজিৎ পুত্র।





