সব জটিলতা কাটিয়ে ফের নিজের পুরনো ছন্দে ফিরছে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। গত ডিসেম্বর মাসে দিতিপ্রিয়ার জায়গায় নতুন অপর্ণা হিসেবে ধারাবাহিকে প্রবেশ করেন মঞ্চ অভিনেত্রী শিরিন পাল। শুরুতে দর্শকের একাংশের কৌতূহল ও সংশয় থাকলেও ধীরে ধীরে গল্পে গতি ফিরেছে। আর্য অপর্ণার সম্পর্কের আবেগ, টানাপোড়েন এবং ভালোবাসার রসায়ন আবারও দর্শকের মনে জায়গা করে নিচ্ছে। গল্পের সঙ্গে সঙ্গে পর্দার বাইরেও এই জুটিকে ঘিরে চর্চা বেড়েছে সমাজমাধ্যমে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছোট্ট সাদা কালো ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় উঠে এলেন জিতু কামাল ও শিরিন পাল। ভিডিওতে চোখ বন্ধ করে মন দিয়ে গান গাইতে দেখা যায় শিরিনকে। সেই গান শুনে মুগ্ধ জিতু। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এই মুহূর্তটা তাঁর কাছে পুরনো বইয়ের পাতার গন্ধের মতো, রিল বুমেরাঙ্গের যুগে যেন এক অন্যরকম অনুভূতি। তিনি আরও লেখেন, এই শিক্ষার সম্পূর্ণ কৃতিত্ব শিরিনের মায়ের। ভিডিওর কমেন্ট বক্সে জিতুকে ধন্যবাদ জানিয়ে শিরিনও নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন অপর্ণার সঙ্গে প্রথম থেকেই সাবলীল অভিনয়ে ধরা দিয়েছেন জিতু। অন্তরঙ্গ দৃশ্যে যেমন স্বাভাবিকতা রয়েছে, তেমনই শিরিনকেও দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী। যদিও শুরুতে নতুন মুখ নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা চলেছিল। সেই সময় শিরিনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জিতু কামাল। নতুন প্রোমো শেয়ার করে তিনি অনুরোধ করেছিলেন, আগে দেখে তারপর বিচার করতে, অন্যের কথায় প্রভাবিত না হতে। ভালো না লাগলে খোলাখুলি বলার স্বাধীনতাও দিয়েছেন দর্শকদের।
জিতু আরও লিখেছিলেন, খুব অল্প সময়ের মধ্যেই শিরিন কাজ ধরতে পারে, বোঝে এবং নিজের বিবেক দিয়ে ঠিক করে কতটা গ্রহণ করবে। তিনি বিশ্বাস করেন, খুব সুন্দর কাজ হবে তাঁদের। একই সঙ্গে দর্শকদের কাছে আবেদন জানান, নতুন শুরু করা একজন শিল্পীকে উৎসাহ দিতে। সমালোচনা থাকলেও যেন কারও মন ভাঙার চেষ্টা না করা হয়। তিনি স্পষ্ট করে বলেন, কিছু মানুষ সবসময় নীচে টানার চেষ্টা করবেন, কিন্তু তাঁদের কাজ নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে।
আরও পড়ুনঃ এক মানুষ বহু পরিচয়! অভিনয় থেকে রাজনীতি পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায়ের ভাবনার জগৎ!
অন্যদিকে নতুন কাজ শুরুর আগে সমাজমাধ্যমে নিজের মনের কথা জানিয়েছিলেন শিরিন পাল। তিনি লিখেছিলেন, তাঁর মা বলেন পথ দুটো জনপ্রিয় আর প্রিয়জন, কোনটা হবে তা নিজেকেই ঠিক করতে হয়। তিনি জানেন, দুটো পথই সহজ নয়। তবু নতুন করে হাঁটার সাহস তিনি পেয়েছেন। আশীর্বাদ আর সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান শিরিন। আর সেই বার্তাই যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে।





