চলচ্চিত্র জগত মানেই আলো ঝলমলে পার্টি, সাফল্যের উদযাপন, তারকাদের ভিড় আর আনন্দের উচ্ছ্বাস। কোনও ছবি হিট করলে বা পঞ্চাশ দিন পূর্ণ করলে পার্টি যেন বাধ্যতামূলক। সেই সব অনুষ্ঠানে সাধারণত তারকাদের উপস্থিতি নজর কাড়ে। কিন্তু চারশোর কাছাকাছি ছবিতে অভিনয় করা মিঠুন চক্রবর্তীকে খুব কমই এই ধরনের অনুষ্ঠানে দেখা যায়। ভক্তদের কৌতূহল ছিল বহুদিনের, এত বড় তারকা হয়েও তিনি কেন নিজেকে এই রঙিন জগতের বাইরে রাখেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন অভিনেতা। মিঠুন জানান, তিনি অনেকদিন আগেই মদ্যপান ছেড়ে দিয়েছেন এবং গসিপ করতেও আগ্রহী নন। তাই পার্টির পরিবেশ তাঁর আর ভালো লাগে না। তাঁর কাছে শান্ত জীবনই বেশি প্রিয়। মানুষের ভিড় আর কোলাহলের বদলে তিনি স্বস্তি খুঁজে পান নিজের মতো করে সময় কাটাতে, প্রকৃতির কাছাকাছি থাকতে এবং ছোট ছোট আনন্দ উপভোগ করতে।
মিঠুনের জীবনের বড় সুখ তাঁর চারপেয়ে পোষ্য আর গাছপালা। অবসর সময়ে নিজের বাগানের যত্ন নেওয়া, পোষ্যদের সঙ্গে সময় কাটানো তাঁকে মানসিক শান্তি দেয়। এছাড়া রান্না করতেও দারুণ ভালোবাসেন তিনি। নিজের হাতে কিছু নতুন পদ বানিয়ে খাওয়ানোতেই তাঁর আনন্দ। এই সাধারণ অথচ গভীর সুখই তাঁকে পার্টির আড়ম্বর থেকে দূরে রেখেছে বলে জানান অভিনেতা।
এই বয়সেও থেমে নেই মিঠুনের কর্মযাত্রা। তবে এখন আর সব ধরনের ছবিতে কাজ করতে চান না তিনি। এমন চরিত্রই বেছে নিতে চান, যা তাঁকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করবে এবং নতুন অভিজ্ঞতা দেবে। কাজের প্রতি এই বাছাই করা দৃষ্টিভঙ্গিই প্রমাণ করে, এখনও নিজের অভিনয়কে নিয়ে কতটা সচেতন তিনি।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বড়সড় চমক! শীর্ষস্থান দখল করল জলসার বিদ্যা ব্যানার্জি! পিছিয়ে পড়লো পরিণীতা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
সম্প্রতি প্রজাপতি ২ ছবিতে দেবের সঙ্গে মিঠুনের জুটি দর্শকদের বেশ খুশি করেছে। পুরনো স্মৃতির সঙ্গে নতুন আবেগ মিলিয়ে দর্শকরা আবারও পর্দায় মহাগুরুকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত। পার্টির আলোয় না থাকলেও তাঁর অভিনয়ের আলোতেই আজও ভর করে রয়েছে বাংলা ছবির বড় একটা অংশ।





