বলিউডে যখন একের পর এক তারকা মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে তামাক পানমশলা বা অ্যালকোহল ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখাচ্ছেন, তখন ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন সুনীল শেট্টি। সম্প্রতি এক পডকাস্টে অভিনেতা নিজেই জানালেন, কীভাবে তিনি ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব সাফ না করে দেন। তাঁর মতে, টাকা কখনও জীবনের সবথেকে বড় মাপকাঠি হতে পারে না। নিজের শরীর স্বাস্থ্য এবং সামাজিক দায়বদ্ধতাকেই তিনি জীবনের আসল সম্পদ বলে মনে করেন। এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে তারকাদের বিজ্ঞাপন ও নৈতিকতার প্রশ্ন।
পিপিং মুন পডকাস্টে সুনীল শেট্টি স্পষ্ট ভাষায় বলেন, তাঁর শরীরই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সেই শরীরকে অসম্মান করা মানে নিজেকেই অবহেলা করা। তিনি জানান, আজ তিনি হয়তো বক্স অফিসের দৌড়ে প্রথম সারিতে নেই, কিন্তু আজও তরুণ প্রজন্মের ভালোবাসা এবং সম্মান পান। তাঁর কাছে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সন্তানদের জন্য তিনি কী উত্তরাধিকার রেখে যাবেন, সেই প্রশ্নটাই তাঁকে এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে রাখে বলে জানান অভিনেতা।
৪০ কোটি টাকার প্রস্তাবের প্রসঙ্গে সুনীল জানান, তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এমন কোনও কাজ করবেন না যা তাঁর সন্তান আহান আথিয়া বা রাহুলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিনেতার দাবি, এই জবাবের পর আর কেউ তাঁকে তামাক বা পানমশলার বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়ার সাহস দেখাননি। তাঁর এই অবস্থান সোশ্যাল মিডিয়াতেও প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন, সুনীল শেট্টি বর্তমান প্রজন্মের কাছে দায়িত্বশীল তারকার প্রকৃত উদাহরণ।
এই প্রসঙ্গে অতীতের কিছু বিতর্কও উঠে এসেছে। অজয় দেবগণ পানমশলার বিজ্ঞাপন করার পর ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন। এমনকি শাহরুখ খানকেও এই ধরনের বিজ্ঞাপনের জন্য আইনি ঝামেলায় জড়াতে হয়েছিল। সেই তুলনায় সুনীল শেট্টির সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তিনি যেন ইন্ডাস্ট্রিকে মনে করিয়ে দিলেন, জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও সমানভাবে বহন করতে হয়।
আরও পড়ুনঃ বসন্ত পঞ্চমীতে দেবের বাণী বন্দনা! হলুদ পাঞ্জাবিতে টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠলেন সুপারস্টার! মায়ের পায়ে সিনেমার স্ক্রিপ্ট!
কাজের দিক থেকে সুনীল শেট্টির ঝুলিতে রয়েছে একাধিক বড় ছবি। তাঁকে শীঘ্রই দেখা যাবে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে, যেখানে অক্ষয় কুমার সঞ্জয় দত্ত আরশাদ ওয়ার্সি লারা দত্ত রবীণা ট্যান্ডন এবং দিশা পাটানির মতো তারকারা রয়েছেন। এছাড়াও হেরা ফেরি থ্রি ছবিতে অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের সঙ্গে আবার পর্দা ভাগ করবেন তিনি। পাশাপাশি ছেলে আহানের ডেবিউ নিয়েও সরব সুনীল, বরুণ ধাওয়ানকে ঘিরে ট্রোলিংয়ের বিরুদ্ধেও তিনি স্পষ্টভাবে মুখ খুলেছেন।





