দর্শকদের জন্য বিরাট সুখবর! ফের ছোট পর্দায় জুটিতে ফিরছেন রুবেল-শ্বেতা! কোন চ্যানেলে? কবে থেকে আসছে এই ধারাবাহিক?

রিল হোক বা রিয়েল লাইফ, শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস মানেই দর্শকদের কাছে এক সুপারহিট জুটি। কিছুদিন আগেই ঘটা করে নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা। বাস্তব জীবনের মতো পর্দাতেও তাঁদের রসায়ন বরাবরই আলাদা জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। তবে বেশ কিছুদিন ধরেই তাঁদের একসঙ্গে কোনও নতুন মেগায় দেখা যাচ্ছিল না। ফলে অনুরাগীদের মধ্যে অপেক্ষা আর কৌতূহল দুটোই বাড়ছিল। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে শ্বেতা ও রুবেলের একসঙ্গে নতুন প্রোমো। আর তাতেই শুরু হয় জল্পনা। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি রুবেলের চলতি মেগা তুই আমার হিরো বন্ধ হয়ে যাচ্ছে। আবার কেউ ভাবছিলেন, একসঙ্গে দুটো মেগায় অভিনয় করা কি আদৌ সম্ভব। প্রতিদিন ১৪ ঘন্টার শিফট সামলে রুবেলের পক্ষে বিষয়টা বেশ কঠিন হয়ে যাবে কি না, তা নিয়েও শুরু হয় আলোচনা। অনুরাগীদের কৌতূহল তখন তুঙ্গে।

তবে এই সব প্রশ্নের উত্তর একেবারেই সহজ। কারণ শ্বেতা ও রুবেলের এই প্রত্যাবর্তন কোনও নতুন মেগা নিয়ে নয়। বরং দর্শকদের বহুদিনের প্রিয় ও চর্চিত ধারাবাহিক যমুনা ঢাকি আবার ফিরছে ছোট পর্দায়। গত কয়েক বছর ধরে পুরনো জনপ্রিয় ধারাবাহিক ফের সম্প্রচারের যে ট্রেন্ড শুরু হয়েছে, তারই অংশ হিসেবে জি বাংলায় ফিরছে এই মেগা। ফলে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই হিট জুটিকে।

জি বাংলার পর্দায় ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ৯টায় সম্প্রচারিত হবে যমুনা ঢাকি। এক সময় এই ধারাবাহিকের হাত ধরেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন শ্বেতা ও রুবেল। তাঁদের অনবদ্য অভিনয় আর পরস্পরের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া দর্শকদের মনে আজও দাগ কেটে রয়েছে। পুরনো স্মৃতি আর আবেগের মেলবন্ধনে এই মেগার প্রত্যাবর্তন যে দর্শকদের কাছে আলাদা আনন্দ নিয়ে আসবে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, যমুনা ঢাকির সেটেই একে অপরের প্রেমে পড়েন শ্বেতা ও রুবেল। তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই লুকোচুরি করেননি তাঁরা। বিয়ের আগেও সোশ্যাল মিডিয়া ও নানা অনুষ্ঠানে প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসা জানান দিতেন। চলতি বছরের ১৯ জানুয়ারি বৈদিক রীতিতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা, যেখানে মহিলা পুরোহিত নন্দিনী তাঁদের বিয়ে দেন। এবার আবার সেই ভালোবাসার গল্প ফিরছে ছোট পর্দায়, দর্শকদের জন্য একরাশ নস্টালজিয়া নিয়ে।