নতুন বছরের শুরুতেই তারকাদের বিয়ের খবরে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সেই তালিকায় নাম জুড়েছিল অভিনেতা হিরণেরও। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা আর অভিনন্দনে ভরে যায় কমেন্ট বক্স। তবে সেই খুশির রেশ বেশিক্ষণ থাকেনি। খুব দ্রুতই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথম স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা। মুহূর্তের মধ্যেই গোটা বিষয়টি ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। আনন্দের খবর বদলে যায় আইনি জটিলতা আর পারিবারিক সংঘাতে।
স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরেই মেয়েেকে নিয়ে থানায় হাজির হন প্রথম স্ত্রী অনিন্দিতা। তিনি হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং মামলা রুজু হয়। অনিন্দিতার দাবি অনুযায়ী, এই মুহূর্তে হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকার নামে জামিন অযোগ্য মামলা চলছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় টলিপাড়া জুড়ে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন একজন পরিচিত অভিনেতার ব্যক্তিগত জীবনের এই জটিলতা নিয়ে।
এরই মধ্যে নতুন মাত্রা যোগ করে হিরণ ও অনিন্দিতার ফোনালাপের একটি ভিডিও। সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল অডিয়োতে শোনা যায়, হিরণ বলছেন অনিন্দিতাই নাকি প্রথমে ডিভোর্স চেয়েছিলেন। উত্তরে অনিন্দিতা ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই কথোপকথনে উঠে আসে বিশ্বাসভঙ্গ, আর্থিক লেনদেন এবং মানসিক চাপের মতো একাধিক অভিযোগ।
ফোনালাপে আরও শোনা যায়, হিরণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো নিয়ে প্রশ্ন তুললে অনিন্দিতা স্পষ্ট জানান, স্বামীর ম্যানিপুলেট করার ক্ষমতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত। তিনি দাবি করেন, হিরণের বিরুদ্ধে মামলা হলে অভিনেতা বড় বিপদে পড়তে পারেন। অন্যদিকে হিরণের বক্তব্য ছিল, দুজন মানুষ একসঙ্গে থাকতে না পারলে ডিভোর্স নেওয়াই স্বাভাবিক এবং আর্থিক দায়ভার নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট সুখবর! ফের ছোট পর্দায় জুটিতে ফিরছেন রুবেল-শ্বেতা! কোন চ্যানেলে? কবে থেকে আসছে এই ধারাবাহিক?
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বয়স এবং পারিবারিক দায়িত্ব নিয়ে। অনিন্দিতার দাবি, ১৭ বছরের মেয়ে থাকা সত্ত্বেও কীভাবে ২১ বছরের এক তরুণীকে হিরণ বিয়ে করলেন, তার জবাব অভিনেতাকে দিতেই হবে। যদিও এই প্রসঙ্গে দ্বিতীয় স্ত্রী ঋতিকা একটি পোস্ট করলেও পরে তা মুছে দেন। হিরণ নিজেও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে এই বিতর্ক কোথায় গিয়ে থামে, সেদিকেই তাকিয়ে নেটদুনিয়া।





