টলিউডের (Tollywood) গ্ল্যামার আর অভিনয়ের নিখুঁত মিশেল যদি কাউকে বলা হয়, তবে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নাম থাকবে তালিকার প্রথম সারিতে। জলপাইগুড়ির মফস্বল থেকে উঠে আসা এক সাধারণ তরুণী নিজের অদম্য জেদ আর পরিশ্রমের জোরে আজ বাংলার বিনোদন জগতের অন্যতম ‘পাওয়ার হাউস’। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র সেই স্নিগ্ধ ‘পুপে’ থেকে শুরু করে বড়পর্দার বাণিজ্যিক বা শৈল্পিক—সব ধরনের ছবিতেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার।
তিনি কেবল একজন সফল অভিনেত্রীই নন, বরং সমসাময়িক ফ্যাশন আইকন এবং ব্যক্তিত্বময়ী নারী হিসেবেও নিজের এক অনন্য পরিচিতি তৈরি করেছেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ হোক কিংবা ব্যক্তিগত জীবনে সারমেয়-প্রেম মিমি তাঁর প্রতিটি সত্ত্বায় বজায় রেখেছেন এক সাবলীল ভঙ্গি। তাঁর এই দীর্ঘ পথচলা আসলে হাজারো স্বপ্ন দেখা তরুণীর কাছে এক বড় অনুপ্রেরণা।
সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় একটি দলীয় সভায় যোগ দিতে গিয়ে অভিনেত্রী যে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন, তা আধুনিক রাজনীতিতে সৌজন্যবোধের অভাবকেই যেন ফের সামনে এনে দাঁড় করিয়েছে। বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় অনুষ্ঠান করতে যান মিমি। সেখানেই মঞ্চে হেনস্থার শিকার হন বলে অভিযোগ তোলেন অভিনেত্রী। মিমি অভিযোগ করেন, ‘আমি অনুষ্ঠান করছি। হঠাৎ তনয় শাস্ত্রী মঞ্চে উঠে এসে আমাকে থামিয়ে দেন। নেমে যেতে বলেন। আমি কথা না বাড়িয়ে পুরো অনুষ্ঠান না করেই নেমে যাই। ওঁর আচরণ খুব উদ্ধত ছিল।’
একজন জনপ্রিয় অভিনেত্রী ও জননেত্রীকে মঞ্চের মাঝপথে থামিয়ে দেওয়া কেবল অভদ্রতা নয়, এটি তাঁর পেশাদারিত্বের ওপর এক বড় আঘাত। এ জাতীয় বড় মাপের অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব আয়োজকদের ওপর বর্তায়। মঞ্চে বহিরাগত বা অনাহুত ব্যক্তির এই দৌরাত্ম্য সরাসরি অব্যবস্থার দিকেই ইঙ্গিত করে।
আরও পড়ুনঃ প্লেব্যাক থেকে অবসর নিয়ে দল গঠন করছেন অরিজিৎ সিং? নতুন দল নাকি গেরুয়া শিবির? গায়কের রাজনীতিতে আসার জল্পনায় তোলপাড় নেটপাড়া!
মিমি চক্রবর্তী অনেক দেরি করে অনুষ্ঠানে পৌঁছেছিলেন, যার ফলে জনমনে অসন্তোষ তৈরি হয়। অন্যদিকে, এই অভিযোগ ভিত্তিহীন বলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ও স্বচ্ছ ক্যারিয়ারের উদাহরণ টেনে এক বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘ষোলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারেনি যে আমি পাঁচ মিনিটও দেরিতে আসি। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।’ অভিনেত্রী মিমি চক্রবর্তী শ্রী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।





