বর্তমান সঙ্গীতজগতের অন্যতম উজ্জ্বল নাম শ্রেয়া ঘোষাল। তাঁর কণ্ঠের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করে, তেমনই তাঁর বিনয়ী ব্যবহার ও ব্যক্তিত্ব বারবার প্রশংসা কুড়িয়েছে। কাজ আর পরিবার নিয়েই মূলত দিন কাটে শ্রেয়ার। ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভাগ করে নিলেন গায়িকা, যা দেখে অনুরাগীদের মন গলে গেল নিমেষেই।
ফেসবুকে শ্রেয়া লেখেন, শুভ ১৪ তম জন্মদিন আমার সোনা বাচ্চা, আমার ভোলু রাম, আমার সবথেকে মিষ্টি ভাল্লুক, আমার ব্ল্যাংকেট, আমার কিউটি পাই। ঈশ্বর তোমাকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। এত আদুরে শব্দে কাকে শুভেচ্ছা জানালেন তিনি, তা জানতে স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে ওঠেন ভক্তরা। প্রথম দেখায় মনে হতে পারে পরিবারের কোনও খুদে সদস্য, কিন্তু আসল গল্পটা একটু অন্যরকম।
শ্রেয়া যাঁকে নিয়ে এই আবেগঘন পোস্ট করেছেন, তিনি আর কেউ নন, গায়িকার অত্যন্ত প্রিয় পোষ্য ভোলু রাম। দীর্ঘ ১৪ বছর ধরে শ্রেয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে সে। বয়সের ভার পড়লেও ভালোবাসার ঘাটতি একেবারেই নেই। শ্রেয়ার পোস্ট থেকেই স্পষ্ট, ভোলু শুধু পোষ্য নয়, পরিবারের একজন সদস্য, যাকে ঘিরেই অনেকটা সময়, অনেকটা আবেগ জড়িয়ে রয়েছে।
এর আগেও বহুবার ভোলু রামকে নিয়ে নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন শ্রেয়া। কখনও ছেলেকে সঙ্গে নিয়ে পুলের ধারে সময় কাটানোর ছবি, কখনও আবার ভোলুকে বুকে জড়িয়ে ধরে তোলা আবেগঘন ফ্রেম। প্রতিটি ছবিতেই ধরা পড়ে নিখাদ ভালোবাসা আর গভীর বন্ধনের গল্প। শ্রেয়ার জীবনের এক বড় অংশ জুড়ে যে ভোলুর উপস্থিতি, তা এসব ছবিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আরও পড়ুনঃ পাঁচ বছর পর বিয়ের দিনের অজানা স্মৃতি! ইমনের কান্নার নেপথ্যে অজানা গল্প ফাঁস!
প্রসঙ্গত, বাংলা ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই শ্রেয়া ঘোষাল এমন এক নাম, যিনি কোনও গডফাদারের সাহায্য ছাড়াই নিজের প্রতিভার জোরে তৈরি করেছেন নিজের জায়গা। গানের পাশাপাশি তাঁর মানবিক সত্তা, প্রাণীদের প্রতি ভালোবাসা এবং সাধারণ জীবনের টানই তাঁকে আলাদা করে তোলে। ভোলু রামের জন্মদিনের এই পোস্টও তারই আরেকটি সুন্দর উদাহরণ।





