সাম্প্রতিক সময়ে গোবিন্দকে ঘিরে নানা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। ব্যক্তিগত জীবন থেকে আর্থিক অবস্থান সব নিয়েই প্রশ্ন উঠেছে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে মাঝেমধ্যে খবর সামনে এসেছে। দীর্ঘদিন বড় পর্দায় কাজ না থাকায় এবং একাধিক অনুষ্ঠানে নাচতে দেখা যাওয়ায় অনেকেই ধরে নিয়েছেন অভিনেতার সময় নাকি ভাল যাচ্ছে না।
কিছুদিন আগে শহরের রাস্তায় ট্যাক্সিতে যাতায়াত করতে দেখা যায় গোবিন্দকে। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই জোরাল হয় দেউলিয়া হওয়ার জল্পনা। সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য শুরু হয়। কেউ বললেন অর্থকষ্টে ভুগছেন অভিনেতা। কেউ আবার দাবি করলেন সংসার চালানোই নাকি কঠিন হয়ে উঠেছে তাঁর পক্ষে।
এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন গোবিন্দের ঘনিষ্ঠ আপ্তসহায়ক শশী সিনহা। তাঁর স্পষ্ট বক্তব্য, গোবিন্দ মোটেও দেউলিয়া নন। একাধিক গাড়ির মালিক তিনি। পরিবারের সমস্ত খরচ এবং স্ত্রী সন্তানদের দেখভাল নিজের দায়িত্বেই করেন। ট্যাক্সিতে যাতায়াত করা মানেই যে আর্থিক সংকট তা নয় বলেই জানান শশী।
শশী আরও জানান, এক সময় অন্যদের সাহায্য করতে গিয়ে গোবিন্দকে আর্থিক চাপের মুখে পড়তে হয়েছিল। এমনকি বাড়ি বন্ধক রাখার পরিস্থিতিও এসেছিল। তবে সেই সময়টা নিজের জন্য নয় বরং অন্যদের পাশে দাঁড়ানোর ফলেই এসেছিল। ধীরে ধীরে বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানে অংশ নিয়ে সমস্ত দেনা শোধ করেছেন অভিনেতা।
আরও পড়ুনঃ ‘হিন্দি বলতে জড়তা, তবু পরিচালকদের আমাকেই পছন্দ!’ হিন্দি ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজের জায়গা তৈরি করেছেন রজতাভ দত্ত?
বর্তমানেও গোবিন্দের কাছে কাজের প্রস্তাব আসছে বলেই দাবি আপ্তসহায়কের। একাধিক পরিচালক প্রযোজক নিয়মিত যোগাযোগ রাখছেন। তাই দেউলিয়া হওয়ার খবর পুরোপুরি ভিত্তিহীন। গুঞ্জনের ভিড়ে দাঁড়িয়ে বাস্তবটা অনেক সময় আড়ালেই থেকে যায়। ঘনিষ্ঠ মহলের বক্তব্য অনুযায়ী, গোবিন্দ এখনও নিজের জায়গাতেই আছেন।





