দুবাইয়ে আটকে পড়া মানুষদের পাশে সোনু সুদ! বিনামূল্যে আশ্রয়ের প্রতিশ্রুতি অভিনেতার!

করোনাকালের সেই মানবিক মুখ আবারও সামনে আনলেন অভিনেতা সোনু সুদ। কয়েক বছর আগে যখন লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশ, তখন কর্মহারা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন অনেকের কাছে ভরসার নাম। সেই স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। এবার আবারও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া বহু মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু। সমাজমাধ্যমে একটি বার্তায় তিনি জানান, যাঁরা সেখানে বিপদে পড়েছেন বা থাকার জায়গা পাচ্ছেন না, তাঁরা যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বিদেশের মাটিতেই তাঁদের জন্য বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেন সোনু সুদ। সেই ভিডিওতে তিনি জানান, ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে গোটা পশ্চিম এশিয়া এখন অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার প্রভাব পড়েছে দুবাইতেও। ফলে বহু ভারতীয় সেখানে আটকে পড়েছেন এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অচেনা দেশে এমন পরিস্থিতিতে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন অভিনেতা। কারও কারও মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই বলেও জানান তিনি। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতেই তিনি এবং তাঁর দল প্রস্তুত বলে জানিয়েছেন সোনু।

ভিডিও বার্তায় সোনু আরও বলেন, বিদেশের মাটিতে বিপন্ন অবস্থায় থাকা মানুষদের একা ভাবার কোনও কারণ নেই। তাঁদের সাহায্যের জন্য তিনি এবং তাঁর টিম সবসময় প্রস্তুত। যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন এবং থাকার জায়গা বা নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়েছেন, তাঁরা যেন নির্দ্বিধায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি। অভিনেতার কথায়, এই উদ্যোগ সম্পূর্ণ মানবিকতার জায়গা থেকে নেওয়া হয়েছে এবং বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাঁর একমাত্র উদ্দেশ্য।

নিজের বার্তায় সোনু স্পষ্ট করে জানিয়েছেন, এই সাহায্যের বিনিময়ে কোনও শর্ত নেই। তিনি বলেন, এখানে জাতীয়তার প্রশ্নও নেই। যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা মানবিক দায়িত্ব বলেই মনে করেন তিনি। তাই যাঁরা সমস্যায় রয়েছেন, তাঁরা যেন ভয় না পেয়ে যোগাযোগ করেন। অভিনেতার এই বার্তা মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাঁর উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকেই লিখেছেন, এমন মানবিকতার জন্যই সোনু সুদ আজ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে ভিড় জমিয়েছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। কেউ তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ ব্যক্তিগত সমস্যার কথাও জানিয়েছেন। একজন ব্যবহারকারী তাঁর পুত্র এবং পুত্রবধূকে দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্যের আবেদন করেছেন। অনেকেই লিখেছেন, কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই সোনু তাঁদের কাছে অনুপ্রেরণা। আবার কেউ বলেছেন, সিনেমার পর্দার নায়ক হওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি সত্যিকারের নায়ক হয়ে উঠেছেন।