টলিপাড়ার জনপ্রিয় জুটি Dev ও Rukmini Maitra আবারও আলোচনায়। দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও বিয়ের প্রসঙ্গে সবসময়ই চুপ থেকেছেন দু’জনেই। তবে এবার তাঁদের হাতে মেহেন্দি দেখা যেতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, চৈত্র মাসেই কি তবে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এই জুটি।
সম্প্রতি সমাজমাধ্যমে শেয়ার হওয়া ছবিতে দেখা যায়, খুব সাধারণ সাজেই রয়েছেন দেব ও রুক্মিণী। দেব পরেছেন কালো টি শার্ট ও জিন্স, অন্যদিকে রুক্মিণীর গায়েও সাদামাটা পোশাক। দেবের হাতে ছোট একটি ফুলের নকশার পাশে রুক্মিণীর নামের প্রথম অক্ষর ‘R’ দেখা গেছে। তবে রুক্মিণীর হাতে দেবের নাম বা আদ্যাক্ষর দেখা যায়নি।
এই মেহেন্দির আসল কারণ এখনও স্পষ্ট নয়। দেব ছবির ক্যাপশনে শুধুই ‘এমনি’ লিখেছেন, যা নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। কেউ মনে করছেন, এটি বিয়ের প্রস্তুতির অংশ, আবার কেউ বলছেন, উৎসব উপলক্ষে করা হয়েছে। অন্যদিকে, অনেকে অনুমান করছেন, তাঁদের নতুন ছবির শুটিংয়ের জন্যও হতে পারে এই সাজ।
এর আগেও এই জুটিকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। কিছুদিন আগে তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছিল, এমনকী সমাজমাধ্যমে আনফলো করার ঘটনাও সামনে আসে। যদিও পরে সেই জল্পনা উড়িয়ে দেন দু’জনেই। একে অপরের জন্মদিনে উপস্থিতি এবং উদযাপন দেখেই স্পষ্ট হয়, তাঁদের সম্পর্ক আগের মতোই রয়েছে।
আরও পড়ুনঃ টলিপাড়ায় শোকের ছায়া! প্রয়াত ‘সাধক বামাখ্যাপা’র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!
দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি দেব বা রুক্মিণী। তাঁদের মতে, সম্পর্কের স্থায়িত্ব ও একসঙ্গে ভালো থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা এবং আগামী দিনেও নতুন ছবিতে তাঁদের জুটি দেখা যাবে। ফলে এই মেহেন্দি ঘিরে জল্পনার শেষ কোথায়, সেটাই এখন দেখার।





