মঞ্চে সাফল্যের পর বড়পর্দায় ‘অথৈ’ ছবির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন অর্ণ মুখোপাধ্যায়। সেই ছবিতে তিনি একসঙ্গে পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেন। সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং অর্পণ ঘোষালের মতো অভিনেতাদের সঙ্গে তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। এবার আবার নতুনভাবে দর্শকের সামনে ফিরতে চলেছেন অর্ণ, তবে এবার বড়পর্দা নয়, ওয়েব সিরিজের মাধ্যমে।
জানা গিয়েছে, নতুন একটি ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব নিয়েছেন অর্ণ। এই প্রজেক্টে তিনি শুধু পরিচালকের ভূমিকাতেই থাকবেন, অভিনয়ে দেখা যাবে না তাঁকে। সিরিজটিতে মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী সরকার। ‘অথৈ’ ছবির পর আবারও এই জুটি একসঙ্গে কাজ করতে চলেছেন, যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।
সূত্রের খবর, সিরিজটির গল্প বর্তমান সময়কে কেন্দ্র করে লেখা হয়েছে। এতে সোহিনীকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এক নির্মম ঘটনার পর সেই চরিত্র কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সেটাই গল্পের মূল বিষয়। যদিও এটি কপ রিভেঞ্জ ঘরানার গল্প, তবুও এতে কিছু আলাদা চমক থাকবে বলেই দাবি সংশ্লিষ্টদের।
এই সিরিজের অস্থায়ী নাম রাখা হয়েছে ‘অপরাজিতা’। নির্মাতাদের তরফে জানা গিয়েছে, কাস্টিং বড়সড় হতে চলেছে এবং দর্শকদের জন্য একাধিক চমক অপেক্ষা করছে। যদিও এখনও সব অভিনেতা অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়নি। তবে এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ অভিনয়ের পাশাপাশি ব্যবসায় সাফল্য! গয়নার ব্র্যান্ড নিয়ে নতুন যাত্রা অপরাজিতা কন্যা প্রিয়াঙ্কার!
বর্তমানে সিরিজটির চিত্রনাট্য নিয়ে শেষ মুহূর্তের কাজ চলছে। পরিকল্পনা রয়েছে আগামী মে মাস নাগাদ শুটিং শুরু করার। একটি জনপ্রিয় বাংলা ওয়েব প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে অর্ণ মুখোপাধ্যায়ের এই নতুন কাজ দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার।





