৭ এপ্রিল আর্টিস্ট ফোরামের ধারাবাহিক বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়-এর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আপাতত কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না বলে জানানো হয়। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু। এর প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে লীনার দুটি ধারাবাহিক।
এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি। কারণ এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন লীনার পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়। ফলে আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত এই সিরিয়ালের ভবিষ্যতের উপরও প্রভাব ফেলছে। ইন্ডাস্ট্রির অন্দরে এখন এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েই চলছে জোর আলোচনা।
সূত্রের খবর, সমস্যার সমাধান খুঁজতে একাধিক বৈঠক হয়েছে। শুক্রবারও ইউনিটের সদস্যদের নিয়ে আলোচনা হয়। তবে সেই বৈঠক থেকেও কোনও স্পষ্ট সমাধান মেলেনি। চ্যানেল কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি, ফলে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এদিকে শুটিং বন্ধ থাকলেও আপাতত বড় আর্থিক চাপ তৈরি হয়নি বলে জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সমস্যা বাড়তে পারে। সেই কারণে ধারাবাহিকের সম্প্রচারের সময় কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে প্রায় ৩৫ মিনিট দেখানো হত, এখন তা কমিয়ে ২৯ মিনিট করা হয়েছে।
আরও পড়ুনঃ টলিউডে বড় সিদ্ধান্ত! ব্যান সংস্কৃতির অবসান! দেশু ৭-এ অনির্বাণের প্রত্যাবর্তন!
শুটিং সেটের খবর অনুযায়ী, আর্টিস্ট ফোরামের নির্দেশ মেনে টেকনিশিয়ানরা কাজে যোগ দিচ্ছেন না। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নিয়মিত কলটাইম দেওয়া হচ্ছে এবং মুখ্য অভিনেতারা স্টুডিয়োতেও আসছেন। কিন্তু প্রয়োজনীয় টিম না থাকায় শুটিং শুরু করা যাচ্ছে না। কিছু পর্ব আগেই তৈরি থাকায় আপাতত সম্প্রচার চলছে, তবে পরিস্থিতি না বদলালে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল।





