রাহুলের বাড়িতে জিৎ! সমবেদনা জানাতেই নতুন বিতর্কে টলিউড!

গত ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে প্রয়াত হন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর থেকেই টলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে। ৭ এপ্রিল পর্যন্ত একাধিক বৈঠক ও ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্ত-র মতো তারকাদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন জিৎ। এই অনুপস্থিতি ঘিরে ইন্ডাস্ট্রিতে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

তবে জানা যায়, বিশেষ কাজে গত কয়েকদিন মুম্বইয়ে ছিলেন জিৎ। শুক্রবার কলকাতায় ফিরেই তিনি সরাসরি পৌঁছে যান বিজয়গড় কলোনিতে রাহুলের বাড়িতে। সেখানে গিয়ে রাহুলের মা ও দাদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অভিনেতা। তাঁর এই সাক্ষাতের কিছু ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনা শুরু হয়।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করেন। তাঁদের মতে, শোকস্তব্ধ পরিবারের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তকে ক্যামেরাবন্দি করা উচিত হয়নি। অনেকেই প্রশ্ন তোলেন, এই ধরনের ভিডিও কি আদৌ প্রয়োজন ছিল, নাকি এটি শুধুই প্রচারের একটি উপায়। ফলে জিতের এই পদক্ষেপকে কেন্দ্র করে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া।

অন্যদিকে জিতের অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়ে পাল্টা যুক্তি দেন। তাঁদের মতে, গত কয়েকদিন ধরে অভিনেতার অনুপস্থিতি নিয়ে যে সমালোচনা হচ্ছিল, তারই জবাব দিতে এই ভিডিও গুরুত্বপূর্ণ ছিল। তাঁরা মনে করেন, ক্যামেরা না থাকলে প্রমাণ করা যেত না যে শহরে ফিরেই জিৎ রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে এখনও নানা প্রশ্নের উত্তর মেলেনি। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এখনও পর্যন্ত এই বিষয়ে নীরব। শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং ঘটনার অসঙ্গতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার স্পষ্ট জবাব মেলেনি। ফলে একদিকে শোক, অন্যদিকে অনিশ্চয়তা এবং বিতর্কে জর্জরিত হয়ে উঠেছে টলিউডের পরিবেশ।