‘সবাই ভাবছে টাকার জন্য, কিন্তু আসল কারণটা…’ জেল থেকে বিতর্ক! অবশেষে মুখ খুললেন রাজপাল যাদব!

বলিউডে হাসির চরিত্রে জনপ্রিয় রাজপাল যাদবকে ঘিরে গত কয়েক বছর ধরে বিতর্ক কম হয়নি। চেক বাউন্স ও ঋণ সংক্রান্ত মামলায় তাঁর জেলে যাওয়া নিয়ে নানা আলোচনা চলেছে। সম্প্রতি এক পডকাস্টে এসে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেতা।

রাজপাল জানান, অনেকেই মনে করেন টাকার অভাবের কারণেই তাঁকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। তবে তিনি এই ধারণা মানতে নারাজ। তাঁর কথায়, এই মামলাটি শুধুমাত্র অর্থসংক্রান্ত ছিল না, বরং এর পেছনে ছিল নীতিগত কিছু বিষয়, যা নিয়ে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

অভিনেতার দাবি, বিষয়টি যদি শুধুমাত্র ৫ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকত, তাহলে অনেক আগেই মিটে যেত। কিন্তু এই ঝামেলার ফলে তাঁর মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা ছুঁয়েছে। তিনি বলেন, একটি সমস্যার জেরে এত বড় আর্থিক ক্ষতি হওয়াটা তাঁর কাছে অত্যন্ত হতাশাজনক।

এই বিতর্কের কেন্দ্রে থাকা ছবির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল বলেও জানান রাজপাল। ইতিমধ্যেই ছবির পেছনে বিপুল টাকা খরচ হয়েছিল। তাঁর মতে, ব্যক্তিগত বিরোধ থাকলেও কোনও ছবির মুক্তি আটকে দেওয়া উচিত নয়, কারণ শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করেন একটি ছবির সাফল্য বা ব্যর্থতা।

নিজের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করে রাজপাল বলেন, সিনেমা জগতে সাফল্য ও ব্যর্থতা দুটোই স্বাভাবিক। কোনও ছবি না চললে সেটিকে প্রতারণা বলা ঠিক নয়। তিনি আরও জানান, বিচারব্যবস্থার উপর তাঁর আস্থা রয়েছে এবং তিনি এই আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত দেখতে চান।