রাহুলের মৃত্যুর পর কিছুদিন বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শ্যুটিং। সেই সময় অনিশ্চয়তা তৈরি হলেও পরে চ্যানেলের উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ধীরে ধীরে সব সমস্যা কাটিয়ে আবার শুরু হয়েছে শুটিং। নতুন করে কাজ শুরু হতেই সামনে এল ধারাবাহিকের নতুন প্রমো, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
প্রকাশিত প্রমোতে দেখা যাচ্ছে থানায় লাজুর শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছে লাজু, সুদেব এবং অনুভব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সুদেব রাগের মাথায় অনুভবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলে। সেই অভিযোগ শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে অনুভব এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এই উত্তেজনার মধ্যেই সামনে আসে লাজুর সাহসী রূপ। সে পুলিশ অফিসারের সামনে স্পষ্ট জানিয়ে দেয়, সে একজন প্রাপ্তবয়স্ক এবং নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার নিজের। এই সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না, এমনকি তার স্বামীও নয়। লাজুর এই দৃঢ় অবস্থান শুনে হতবাক হয়ে যায় সুদেব।
অন্যদিকে, লাজুর এই সাহসিকতায় ভিতরে ভিতরে খুশি হয় অনুভব। এতদিন যে ভয়ে লাজু নিজের কথা বলতে পারত না, এবার সে নিজের পথ বেছে নিতে চাইছে, তা বুঝতে পারে সে। তবে এই সিদ্ধান্তের ফলে লাজুর সামনে নতুন কী চ্যালেঞ্জ আসবে, তা জানা যাবে আগামী পর্বগুলিতে।
আরও পড়ুনঃ প্রথমবার বাংলা চলচ্চিত্রে সঞ্জয় মিশ্র! বাবা-ছেলের টানাপোড়েনেই ‘ফেরা’! টিজারে অন্যরকম গল্পের ইঙ্গিত!
উল্লেখ্য, এতদিন যে পর্বগুলি সম্প্রচারিত হয়েছে, সেগুলি আগে থেকেই শুট করা ছিল। এখন নতুন করে শুটিং শুরু হওয়ায় ধারাবাহিকটি আরও নতুন গতিতে এগোবে বলে মনে করা হচ্ছে। দর্শকরা প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে জি বাংলায় ‘কনে দেখা আলো’ দেখে লাজুর জীবনের পরবর্তী অধ্যায় জানতে পারবেন।





