পরিবারে শোকের ছায়া! প্রিয়জনের মৃ’ত্যুতে আবেগঘন পোস্ট সুদীপা চট্টোপাধ্যায়ের!

মঙ্গলবার সকালেই দুঃসংবাদ ভাগ করে নিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক আবেগভরা পোস্টে তিনি জানান, পরিবারের অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছেন। প্রয়াত হয়েছেন তাঁর ছোট ননদ। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যেও শোকের সুর ছড়িয়ে পড়ে।

সুদীপা পোস্টে ননদের একাধিক স্মৃতির ছবি শেয়ার করেন। কোথাও দেখা যায় তাঁর কোলে ছোট্ট আদিদেবকে, কোথাও আবার পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। সুদীপা ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গেও একাধিক ছবিতে দেখা মেলে প্রয়াত সদস্যের।

ক্যাপশনে সুদীপা লেখেন, পরিবারের প্রতিটি উৎসবকে বিশেষ করে তুলতেন তিনি। নতুন কাউকে কীভাবে ভালোবাসা আর যত্ন দিয়ে আপন করে নিতে হয়, তা তাঁর কাছ থেকেই শেখার ছিল। বিয়ের পর নতুন সদস্য হিসেবে সুদীপাকে যেভাবে আগলে রেখেছিলেন, তা কোনওদিন ভুলবেন না বলেও জানান তিনি।

আরও লেখেন, নিজের মনখারাপ, অভিযোগ বা না বলা কথা শোনার জন্য এখন আর কাকে ফোন করবেন, সেটাই বুঝতে পারছেন না। প্রয়াত ননদের শান্তি কামনা করে ভালোবাসার বার্তাও দেন সুদীপা। পোস্টটি সামনে আসতেই অনুরাগীরা সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে রয়েছেন সুদীপা। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁর স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। সেই উদ্বেগ কাটতে না কাটতেই পরিবারের এই শোকের ঘটনায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন সঞ্চালিকা।