হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাজীব খন্ডেলওয়াল বহু বছর ধরেই দর্শকদের পরিচিত মুখ। ‘কহী তো হোগা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমা ও ওয়েব সিরিজেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন অভিনেতা। মাতৃদিবসের আগে নিজের মাকে হারানোর যন্ত্রণা এবং সেই সময়ের কিছু আক্ষেপ এবার সবার সামনে তুলে ধরলেন রাজীব।
নিজের অনুষ্ঠান ‘তুম হো না’-এর একটি পর্বে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাঁর মায়ের অসুস্থতার প্রথম দিকের লক্ষণগুলো তিনি গুরুত্ব দিয়ে দেখেননি। সেই ভুলের জন্য আজও নিজেকে দায়ী মনে করেন তিনি। রাজীব বলেন, দীর্ঘদিন ধরে কিছু শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও সময়মতো পরীক্ষা না করানোর ফলেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
আরও পড়ুন: হলিউডে বড় সুযোগ দিশা পাটানির! আন্তর্জাতিক ছবিতে মুখ্য ভূমিকায় বলিউডের গ্ল্যাম ডিভা!
বিশেষ করে মহিলাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, যদি দীর্ঘদিন পিঠে ব্যথা, গ্যাস, পেট ফাঁপা বা খিদে কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে তা অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে অনেক ক্ষেত্রেই ক্যানসার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
রাজীব আরও জানান, তাঁর মায়ের ডিম্বাশয়ের ক্যানসার অনেক দেরিতে ধরা পড়েছিল। সেই কারণেই চিকিৎসা কঠিন হয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদেরও তিনি পরিবারের মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতন হওয়ার অনুরোধ জানান। অভিনেতার কথায়, মাকে হারানোর কষ্ট আজও তাঁকে তাড়া করে বেড়ায়, তবে তিনি বিশ্বাস করেন তাঁর মা এখনও তাঁর মধ্যেই বেঁচে আছেন।
অন্যদিকে মাতৃদিবস ঘিরে আবেগপ্রবণ হয়েছেন অভিনেত্রী জারিন খানও। মাকে হারানোর পর এটাই তাঁর প্রথম মাতৃদিবস। সম্প্রতি মায়ের জন্মদিনে একটি পুরনো ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় পরিবারের সকলকে কেক খাওয়াচ্ছেন তাঁর মা। সেই ভিডিওর সঙ্গে জারিন লেখেন, মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তাঁর মায়ের সবচেয়ে বড় আনন্দ এবং সেই ভালোবাসার পথই তিনি ভবিষ্যতেও অনুসরণ করবেন।





