জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গঙ্গা’-য় এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। গল্প অনুযায়ী, অর্জুনের উৎসাহে সাঁতার শেখা শুরু করেছে গঙ্গা। তবে অনুশীলনের মাঝেই তার পায়ে চোট লাগে। সেই আঘাত নিয়েই গঙ্গা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ অর্জুনের সম্মান রক্ষা করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, প্রতিযোগিতার সময় নদীতে ঝাঁপ দেয় গঙ্গা। কিন্তু মাঝ নদীতে তার পায়ে বেঁধে দেওয়া হয় একটি ভারী পাথর। ধীরে ধীরে সেই ওজনের চাপে জলের নিচে তলিয়ে যেতে শুরু করে সে। এই দৃশ্য দেখেই দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল।
অন্যদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় অর্জুন। সেখানে উপস্থিত সবাই তাকে জানায়, অনেকক্ষণ হয়ে গেলেও গঙ্গা এখনও জলের উপর ভেসে ওঠেনি। এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে অর্জুন। নদীর ধারে দাঁড়িয়ে বারবার গঙ্গার নাম ধরে ডাকতে দেখা যায় তাকে।
প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখেছেন, নায়িকার জন্য আলাদা সুইমিং কস্টিউম দেখানো যেত। আবার কেউ মজা করে বলেছেন, সিরিয়ালের নায়িকারা কখনও সহজে মারা যায় না। আরেকজনের মন্তব্য, গঙ্গা হারিয়ে গিয়ে অন্য কোনও চরিত্র ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ সৌরভের পর ‘দাদাগিরি’র মঞ্চে দেব! প্রোমো শ্যুট ঘিরে বাড়ছে জল্পনা! তবে দেখা যাবে নতুন সঞ্চালকের প্রথম ঝলক?
ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য এবং গঙ্গার ভূমিকায় রয়েছেন হিয়া মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বী চক্রবর্তী ও সুদীপ সরকার-কে। ‘গঙ্গা’-র এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে ১৪ থেকে ১৬ মে রাত ৯টায়।





