টলিপাড়ায় একের পর এক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন দর্শকরা। সম্প্রতি ছোটপর্দার একাধিক অভিনেতা-অভিনেত্রীর অসুস্থতা এবং দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই তালিকায় এবার যোগ হল জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর মুখ্য অভিনেতা শুভ্রজিৎ সাহা-র নাম। শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন তিনি।
দর্শকদের কাছে ‘রাহুল’ চরিত্রে পরিচিত শুভ্রজিৎ সাহা দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ। তবে পর্দার হাসিখুশি মুখের আড়ালে বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা। মজার বিষয়, কয়েকদিন আগেই ধারাবাহিকের গল্পে নায়কের পায়ে আঘাত লাগার দৃশ্য দেখানো হয়েছিল। বাস্তবেও প্রায় একই ধরনের দুর্ঘটনার মুখে পড়তে হল তাঁকে।
জানা গিয়েছে, শুটিংয়ের সময় আচমকা পা পিছলে পড়ে যান শুভ্রজিৎ সাহা। পড়ে যাওয়ার সময় শরীরের পুরো ভর গিয়ে পড়ে তাঁর ডান পায়ের উপর। এরপরই তীব্র যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকদের মতে, তাঁর ডান পায়ের লিগামেন্টের প্রায় ৬০ শতাংশ ছিঁড়ে গিয়েছে। প্রথমে ব্যথা নিয়েও শুটিং চালিয়ে গেলেও পরে পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা পরে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এক্স-রে এবং অন্যান্য পরীক্ষার পর চিকিৎসকেরা আপাতত সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর অসুস্থতার ছবি শেয়ার করে আবেগঘন পোস্টও করেছেন তিনি। সেখানে দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন অভিনেতার অনুরাগীরাও।

আরও পড়ুনঃ মাঝরাতের ‘গুঁড়ো দুধ’ ভাগ করে নেওয়া থেকেই বন্ধুত্বের শুরু! ধ্রুবজ্যোতি ও ঈশানীর ১১ বছরের চেনা সমীকরণ শুনলে অবাক হবেন আপনিও!
চিকিৎসকদের মতে, অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে শুভ্রজিৎ সাহা-কে। তবে ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র হওয়ায় পুরোপুরি শুটিং বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। তাই সীমিতভাবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। বর্তমানে লাঠির সাহায্যে চলাফেরা করছেন তিনি এবং একদিন অন্তর শুটিং সেটে যাচ্ছেন। এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা।





